এশিয়ান কাপ বাছাই
আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ইতোমধ্যে এই ম্যাচ খেলতে সিঙ্গাপুরে পৌঁছে অনুশীলন শুরু করেছে ফুটবল দল। তবে সিঙ্গাপুরের বিপক্ষে কার্ডজনিত সমস্যায় খেলতে পারছেন না রাকিব হোসেন ও তপু বর্মণ। হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে গোল পেয়েছিলেন রাকিব। রাকিব ও তপুকে আসন্ন ম্যাচ মিস করবে বলে জানান বাংলাদেশ দলের তারকা মিডফিল্ডার শেখ মোরসালিন।
আজ সিঙ্গাপুরে অনুশীলনের ফাঁকে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এবার রাকিব এবং তপু নেই। তারা থাকলে খুবই ভালো হতো।’ সিঙ্গাপুর ম্যাচে জয়ের অভিন্ন লক্ষ্য বাংলাদেশের। মোরসালিন বলেন, ‘এবার যদি আমরা এই ম্যাচটা ভালোভাবে জিততে পারি তাহলে আমরা সেকেন্ড হয়ে (গ্রুপ পর্বে) শেষ করতে পারব। আমরা এটাই চাই যে, ম্যাচটা যেভাবে হোক আমাদের জিততে হবে। সবাই আমরা মেন্টালি বলেন, সবাই প্রস্তুত যে, যেভাবেই হোক আমাদের জিতে বের হতে হবে, এটাই টার্গেট।’
সিঙ্গাপুর ম্যাচের আগে প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। মোরসালিন বলেন, ‘আমরা ভিয়েতনামে আমাদেরও এক্সপেক্টেশন ছিল। কিন্তু আমরা সেকেন্ড হাফটা খুবই ভালো করেছি। সেকেন্ড হাফে আমরা ভালো ডমিনেট করার ট্রাই করেছি।’ তিনি আরো বলেন, ‘এখন আমরা চেষ্টা করব, ওই ম্যাচ থেকে যে ভুল-ত্রুটি ছিল ওইগুলো শিখে আমরা এই ম্যাচে কাজে লাগাতে পারি। আমাদের টার্গেট এখন আমাদের এ ম্যাচটি জেতার।’