হোম > খেলা > ফুটবল

আট বছর পর সিটি-আর্সেনাল ফাইনাল

লিগ কাপ

স্পোর্টস ডেস্ক

লিগ কাপ ফাইনালের টিকিটটা আগেই পকেটে ছিল ম্যানচেস্টার সিটির। গত বুধবার রাতে ইতিহাদে সেটির ওপর শুধু আনুষ্ঠানিক সিলটা বসিয়ে দিল পেপ গার্দিওলার দল। নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জয় তুলে ফাইনালে উঠেছে সিটি। এই জয়ের মধ্যদিয়ে আট বছর পর ফের লিগ কাপের শিরোপা মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। এর আগে অন্য সেমিফাইনালে চেলসিকে বিদায় করে ফাইনাল নিশ্চিত করে মিকেল আর্তেতার দল। আগামী ২২ মার্চ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হবে দুই প্রতিদ্বন্দ্বীর বহু প্রতীক্ষিত লড়াই।

প্রথম লেগে ২-০ গোলের লিড নিয়ে নামা সিটির জন্য দ্বিতীয় লেগে কোনো ঝুঁকি ছিল না। তবু ঘরের মাঠে ঢিলেঢালা হওয়ার প্রশ্নই ওঠেনি। শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে গার্দিওলার দল। ওমর মারমুশ ছিলেন ম্যাচের কেন্দ্রবিন্দু। ১৯ মিনিটে প্রথম গোল, ২৯ মিনিটে দ্বিতীয়—নিউক্যাসলের প্রতিরোধ ভেঙে পড়তে সময় নেননি তিনি। মাত্র তিন মিনিট পর তিজানি রেইডার্স গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। ৩২ মিনিটেই কার্যত শেষ হয়ে যায় লড়াই। বিরতির পর ৬২ মিনিটে আন্থনি অ্যালেঙ্গার গোলটি কেবল ব্যবধান কমানোর কাজটুকুই করেছে। এই ম্যাচের মধ্যদিয়ে এক অস্বস্তিকর রেকর্ড গড়েছে নিউক্যাসল। সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টার সিটির মাঠে টানা ১২ ম্যাচে হারল তারা—এক প্রতিপক্ষের মাঠে এত দীর্ঘ হারার নজির ক্লাবটির ইতিহাসে নেই।

লিগ কাপের ফাইনালে সিটি ও আর্সেনালের এই মুখোমুখি হওয়া নতুন কিছু নয়। সর্বশেষ ২০১৭-১৮ মৌসুমে এই দুই দল ফাইনালে খেলেছিল। সেবার আর্সেনালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সিটি। সেটিই ছিল গার্দিওলার অধীনে ক্লাবটির প্রথম ট্রফি। তখন গার্দিওলার কোচিং স্টাফে ছিলেন বর্তমান আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। আট বছর পর এবার সেই আর্তেতাই প্রতিপক্ষ কোচ হিসেবে ফিরছেন ওয়েম্বলিতে—পুরোনো অধ্যায়ের নতুন পুনরাবৃত্তিতে।

টানা দুই ম্যাচ অনুপস্থিত, সৌদি ছাড়ছেন রোনালদো!

একই দিনে জন্ম, দুই ভিন্ন গল্পে ফুটবলের দুই রাজপুত্র

সিঙ্গাপুর ম্যাচে অনিশ্চিত হামজা

সেমিতে ওঠা বার্সার চোখ ফাইনালে

নেপালকে হারিয়ে সেরা হয়েই ফাইনালে বাংলাদেশ

ইসরায়েলকে নিষিদ্ধ না করার পক্ষে ফিফা সভাপতি!

আজীবন বার্সেলোনার থেকে ‘কিংবদন্তি’ হতে চান ইয়ামিল

আর্সেনাল বনাম চেলসি: এমিরেটসে লিগ কাপের মহাদ্বৈরথ

আল নাসর ছাড়ার ইঙ্গিত রোনালদোর, যোগ দিতে পারেন মেজর লিগে

শেষ মুহূর্তে গোলে আর্জেন্টিনাকে কাঁদিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল