আসন্ন বিশ্বকাপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ঘানা। তবে সেই দলে জায়গা হয়নি টটেনহ্যাম তারকা মোহাম্মদ কুদুসের। দীর্ঘদিনের ইনজুরির কারণে বিশ্বকাপের লড়াই থেকে ছিটকে গেছেন এই মিডফিল্ডার।
অন্যদিকে, ধর্ষণ মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও অভিজ্ঞ মিডফিল্ডার টমাস পার্টেইকে রেখেই দল সাজিয়েছেন কোচ কার্লোস কুইরোজ। ভিয়ারিয়ালের এই ফুটবলারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে এবং আগামী বছর তার মামলার বিচার শুরুর কথা রয়েছে। তারপরও বিশ্বকাপের মতো বড় মঞ্চে তার অভিজ্ঞতার ওপরই আস্থা রাখছে ঘানা।
বিশ্বকাপ শুরুর আগে আগামী ২ জুন ওয়েলসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফ্রিকার দলটি। কার্ডিফে সেই ম্যাচের ক্যাম্প শেষে ২৮ সদস্যের প্রাথমিক দল থেকে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কোচ কুইরোজ।
দলে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড অ্যান্টোইন সেমেনিও, অভিজ্ঞ জর্ডান আইয়ু এবং আব্দুল ফাতাউ ইসাহাকুও। আক্রমণভাগে ইনাকি উইলিয়ামস ও আর্নেস্ট নুয়ামাহর মতো পরিচিত মুখও রয়েছেন।
প্রাথমিক স্কোয়াডে একসঙ্গে পাঁচ গোলরক্ষককে রাখাও নজর কেড়েছে। গোলপোস্টের দায়িত্বে আছেন বেঞ্জামিন আসারে, লরেন্স আতি-জিগি, জোসেফ আন্যাং, সলোমন আগবাসি ও পল রিভারসন।
ডিফেন্সে আছেন আলেকজান্ডার জিকু, জেরোম ওপোকু, আব্দুল মুমিন ও বাবা আব্দুল রহমানের মতো খেলোয়াড়রা। মিডফিল্ডে পার্টেই ছাড়াও রয়েছেন কোয়াসি সিবো, অগাস্টিন বোয়াকি ও ক্যালেব ইয়েরেঙ্কি।
এবারের বিশ্বকাপে ঘানার সবচেয়ে বড় অনুপস্থিতি নিঃসন্দেহে কুদুস। জানুয়ারি থেকে চোটের কারণে মাঠের বাইরে থাকা এই তারকাকে ছাড়াই বিশ্বমঞ্চের পরিকল্পনা সাজাতে হচ্ছে ব্ল্যাক স্টারদের।
ঘানার ২৮ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক:
বেঞ্জামিন আসারে, লরেন্স আতি-জিগি, জোসেফ আন্যাং, সলোমন আগবাসি, পল রিভারসন।
ডিফেন্ডার:
বাবা আব্দুল রহমান, গিডিয়ন মেনসাহ, মারভিন সেনায়া, আলিডু সাইডু, আব্দুল মুমিন, জেরোম ওপোকু, জোনাস আদজেতেই, কোজো ওপং পেপরাহ, আলেকজান্ডার জিকু, এলিশা ওউসু।
মিডফিল্ডার:
টমাস পার্টেই, কোয়াসি সিবো, অগাস্টিন বোয়াকি, ক্যালেব ইয়েরেঙ্কি, আব্দুল ফাতাউ ইসাহাকু।
ফরোয়ার্ড:
কামাল দীন সুলেমানা, ক্রিস্টোফার বোনসু বাহ, আর্নেস্ট নুয়ামাহ, অ্যান্টোইন সেমেনিও, ব্র্যান্ডন থমাস-আসানতে, প্রিন্স কোয়াবেনা আদু, ইনাকি উইলিয়ামস, জর্ডান আইয়ু।