বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। সেই মহাযজ্ঞের অংশ হতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সংগীতশিল্পী ও ডিজে সঞ্জয়। ফিফার অফিশিয়াল অ্যালবামে স্থান পাওয়া এই শিল্পী বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করবেন, যা বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়েছেন সঞ্জয়। আবেগঘন এক বার্তায় তিনি জানান, দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের সান জোসেতে বেড়ে ওঠা এই শিল্পী লিখেছেন, দুই ভিন্ন সংস্কৃতির পরিবেশে বড় হতে হতে তিনি অসংখ্য ঘণ্টা সংগীতচর্চায় কাটিয়েছেন। আর সেই সময় থেকেই স্বপ্ন দেখতেন, তার তৈরি গান একদিন বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে বাজবে।
সঞ্জয় বলেন, ‘আজ আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামের একজন শিল্পী হিসেবে যুক্ত হয়েছি। আমাদের তৈরি করা একটি গান বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসবের সাউন্ডট্র্যাক হতে যাচ্ছে। এই অর্জন আমার জন্য অবিশ্বাস্য এবং আমি এটিকে কখনোই ছোট করে দেখব না।’
তবে এই সাফল্যকে তিনি শুধু ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না। বরং এটি স্বপ্ন দেখা সব তরুণের জন্য একটি অনুপ্রেরণার গল্প বলেই মনে করেন। সঞ্জয়ের ভাষায়, ‘এটি শুধু আমার জয় নয়। এটি তাদেরও জয়, যারা ছোট্ট একটি ঘরে বসে বড় স্বপ্ন দেখার সাহস করে।’
বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামে অন্তর্ভুক্ত হওয়া সঞ্জয়ের গানটির নাম ‘সির সির’। গানটিতে তার সঙ্গে কণ্ঠ ও পারফরম্যান্সে থাকছেন বলিউড তারকা নোরা ফাতেহি এবং ফরাসি শিল্পী ভেজেড্রিক।
ফুটবল, সংগীত এবং বিশ্বমঞ্চ—এই তিনের মিলনমেলায় এবার বাংলাদেশের নামও উচ্চারিত হবে। আর সেই গর্বের নাম সঞ্জয়।