একসময় নিজেই ছিলেন ফুটবলের বিস্ময়বালক। আর্জেন্টিনার রোজারিও থেকে বার্সেলোনায় এসে প্রতিভার ঝলক দেখিয়ে ধীরে ধীরে হয়ে উঠেছেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। বিশ্বকাপজয়ী লিওনেল মেসি এবার নজর দিয়েছেন পরবর্তী প্রজন্মের দিকে। তাঁর পছন্দের তালিকায় জায়গা পেয়েছেন ভবিষ্যতের ১০ সম্ভাবনাময় ফুটবলার; সাতজন ছেলে ও তিনজন মেয়ে।
ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের ‘মেসি প্লাস ১০’ প্রচারণার তৃতীয় মৌসুমে নির্বাচিত এই তরুণদের পরিচয় প্রকাশ করা হয়েছে রোববার। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার ভিডিও প্রকাশ করে অ্যাডিডাস জানিয়েছে, নতুন প্রজন্মের এই ফুটবলারদের হাত ধরেই লেখা হতে পারে খেলাটির আগামী দিনের গল্প।
তালিকার আলোচিত নামগুলোর একটি আর্সেনালের ইংলিশ তরুণ ম্যাক্স ডাউম্যান। মাত্র ১৬ বছর বয়সেই প্রতিভার স্বাক্ষর রেখে আলোচনায় উঠে এসেছেন তিনি। মেক্সিকোর গিলবার্তো মোরাও আছেন মেসির পছন্দের তালিকায়। তিহুয়ানার এই তরুণকে নিয়ে ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহের খবর রয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁকে দলে নিতে আগ্রহী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
আর্জেন্টিনার সমর্থকদের কাছে বিশেষ আকর্ষণ হতে পারেন বোকা জুনিয়র্সের তোমাস আরান্দা। সৃষ্টিশীলতা ও বল নিয়ন্ত্রণের দক্ষতায় নজর কেড়েছেন এই তরুণ প্লেমেকার। জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিও তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচের সফরের দলে রেখেছিলেন তাঁকে। তবে ডান পায়ের ফিবুলা হাড় ভেঙে যাওয়ায় আপাতত মাঠের বাইরে আরান্দা।
তালিকার অন্য চার তরুণ হলেন তুরস্কের জান উজুন, স্পেনের হেসুস রদ্রিগেজ, নেদারল্যান্ডসের কিস স্মিট এবং যুক্তরাষ্ট্রের জাভিয়ের গুজো। তাঁরা যথাক্রমে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, কোমো, এজেড আলকমার ও ক্রিস্টাল প্যালেসের সঙ্গে যুক্ত।
নারী ফুটবলেও সমান গুরুত্ব দিয়েছেন মেসি। তাঁর নির্বাচিত তিন প্রতিভা হলেন ইংল্যান্ডের ক্লোয়ি সারউই, ব্রাজিলের জিওভান্না ওয়াকসম্যান ও জার্মানির লোটা ভ্রেডে। তাঁরা খেলেন যথাক্রমে চেলসি, অলিম্পিক লিওঁ ও হামবুর্গে।
২০২৫ সালের জানুয়ারিতে শুরু হয়েছিল ‘মেসি প্লাস ১০’ প্রচারণা। প্রথম মৌসুমে নির্বাচিতদের মধ্যে ছিলেন বার্সেলোনার লামিনে ইয়ামাল। দ্বিতীয় মৌসুমে তালিকায় জায়গা পান নিকো পাজ, রিও এনগুমোহা ও আন্দ্রে সান্তোসের মতো তরুণেরা।