হোম > খেলা > ফুটবল

তরুণদের আন্তর্জাতিক ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা শেখাতেই ‘মেসি কাপ’

স্পোর্টস ডেস্ক

তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেলে ধরার সুযোগ করে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মিয়ামির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে এবার অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।

আগামী ২৫ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেলে চলবে প্রতিযোগিতা। ইন্টার মিয়ামি স্টেডিয়াম ও ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

টুর্নামেন্টের পরিধি দ্বিগুণ করার মূল লক্ষ্য তরুণদের আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে খেলার সুযোগ দেওয়া। আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি মাঠের ভেতরে ও বাইরে খেলোয়াড়দের বিকাশেও ভূমিকা রাখবে মেসি কাপ।

নিজের নামে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্দেশ্য নিয়ে ইন্টার মিয়ামির অধিনায়ক লিওনেল মেসি বলেন, ‘মেসি কাপ আয়োজনের মূল উদ্দেশ্য হলো, ছেলেরা যেন নিজেদের বিকাশের এই গুরুত্বপূর্ণ বয়সে মাঠ ও মাঠের বাইরে একটি অনন্য অভিজ্ঞতা অর্জন করতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মেজাজ কেমন হয়, তা এখন থেকেই বুঝতে শিখুক।’

এবারের আসর বড় হওয়ায় সন্তুষ্ট মেসিও। বিশ্বের বিভিন্ন নামী ক্লাবের একাডেমির তরুণদের একই মঞ্চে দেখার সুযোগকে ইতিবাচকভাবে দেখছেন তিনি। মেসির ভাষায়, ‘টুর্নামেন্টটি যেভাবে বড় হচ্ছে, তা দেখে আমরা সত্যিই খুব আনন্দিত। বিশ্বের সেরা সেরা ক্লাব থেকে আসা তরুণ খেলোয়াড়দের এখানে একত্রিত হতে দেখে ভালো লাগছে—যাতে তারা একে অপরের বিপক্ষে লড়তে পারে, অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারে এবং সবচেয়ে বড় কথা, ফুটবলকে উপভোগ করতে পারে।’

এবারের মেসি কাপে অংশ নেবে ইন্টার মিয়ামি, আয়াক্স, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেনফিকা, বার্সেলোনা, পালমেইরাস, আর্সেনাল, নিউওয়েলস ওল্ড বয়েজ, ফ্ল্যামেঙ্গো, ইউই কর্নেয়া, ম্যানচেস্টার সিটি, বোকা জুনিয়র্স, রিভার প্লেট, ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভ্যালে ও চেলসি।

টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে ডিজনি প্লাস ও ইএসপিএন প্লাস।

ফিলিস্তিনে শিশুদের জন্য দুটি ফুটবল মাঠ বানাল ফিফা

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ক্রিকেট ও ফুটবলের রোমাঞ্চ

কাউকে ভয় নয়, পয়েন্ট চান হামজা

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে প্রীতি ফুটবল ম্যাচ

প্রমাণ করতে হবে, আমরা উচ্চপর্যায়ে খেলতে পারি: শমিত

মেসির শেষ ম্যাচের জন্য বিশেষ জার্সি

জয়শূন্য, গোলশূন্য ফুটবল দল

মিয়ানমারের সঙ্গে ড্র করে বিদায় নিল বাংলাদেশের মেয়েরা

মেসি গোল পেলেও জয়ের দেখা নেই মিয়ামির

মেসির শেষ ম্যাচ দেখতে মনুমেন্তালে থাকছেন ডি মারিয়া