স্প্যানিশ লা লিগায় শিরোপা ধরে রাখার লড়াইয়ে গুরুত্বপূর্ণ এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। সেল্টা ভিগোর বিপক্ষে ১-০ গোলের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে হানসি ফ্লিকের দল। তবে জয়ের আনন্দ ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে তরুণ তারকা লামিনে ইয়ামালের চোট।
নু ক্যাম্পে ম্যাচের ৪০তম মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ইয়ামাল। ডি-বক্সের ভেতরে ফাউলের শিকার হওয়ার পর নিজেই স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। কিন্তু গোলের পরই বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠেই পড়ে যান এই ১৮ বছর বয়সী ফুটবলার। পরে চিকিৎসকদের সহায়তায় খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
ইয়ামালের এই চোট বার্সেলোনা ও স্পেন—দুই দলের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো ম্যাচ, তার আগে এই তারকার ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে স্পেন দলের পরিকল্পনাতেও প্রভাব ফেলতে পারে এই চোট।
চলতি মৌসুমে লা লিগায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ইয়ামাল। এখন পর্যন্ত ১৬ গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন তিনি।
ম্যাচ শেষে সতীর্থ পেদ্রি জানান, ইয়ামালের চোট গুরুতর না হওয়ার আশাই করছেন তারা। পরীক্ষার পর তার অবস্থা স্পষ্ট হবে বলেও জানান তিনি।
এই জয়ের ফলে লিগে বাকি থাকা ছয় ম্যাচের আগে বার্সেলোনা পয়েন্ট টেবিলে এগিয়ে রয়েছে বেশ ভালোভাবেই। ৩২ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৮২ পয়েন্ট। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ, আর তৃতীয় স্থানে রয়েছে ভিয়ারিয়াল।