হোম > খেলা > ফুটবল

প্রথমবার খেলার রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় নারী দল

আজ অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপ শুরু

স্পোর্টস রিপোর্টার

আজ রোববার শুরু হচ্ছে অস্ট্রেলিয়ায় এশিয়ান নারী ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এশিয়ান কাপ-২০২৬। এ টুর্নামেন্ট ২১ মার্চ পর্যন্ত চলবে। সিডনি, পার্থ ও গোলকোস্টের পাঁচ মাঠে তিন গ্রুপে বিভক্ত হয়ে শিরোপার জন্য লড়বে ১২ দল। আজ পার্থ স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলছে বাংলাদেশ নারী দল। স্বাভাবিকভাবেই বাড়তি রোমাঞ্চ নিয়ে টুর্নামেন্টে খেলতে নামার অপেক্ষায় রয়েছে তারা। আগামী ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়ান কাপ মিশন শুরু হবে। সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।

অন্যদিকে, ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপাইন খেলছে। ‘সি’ গ্রুপে জাপান, ভিয়েতনাম, ভারত ও চাইনিজ তাইপে পরস্পরের বিপক্ষে লড়বে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে খেলবে। তিন গ্রুপের তৃতীয় হওয়া সেরা দুই দলও শেষ আটে খেলার সুযোগ পাবে। এবারের এশিয়ান কাপ থেকে ছয় দল সরাসরি ২০২৭ ব্রাজিল বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করবে। এশিয়ান কাপের সেমিফাইনালে ওঠা চার দল বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। আর কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া বাকি চার দল খেলবে প্লে-ইন পর্বের ম্যাচ। এখান থেকে দুটি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। প্লে-ইন পর্বে হেরে যাওয়া দল দুটি খেলবে আন্তঃমহাদেশীয় প্লে-অফে। এশিয়া মহাদেশ থেকে মোট আট দল আগামী বিশ্বকাপে খেলবে। এর মধ্যে আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে বিশ্বকাপে খেলবে দুটি দল। অপরদিকে এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আট দল ২০২৮ অলিম্পিকের বাছাই পর্বে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশের সামনেও বিশ্বকাপে খেলার হাতছানি রয়েছে। তবে টুর্নামেন্টটি তাদের জন্য অত সহজ হবে না, সেটি আগে থেকেই অনুমেয়। কেননা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন ও সময়ের অন্যতম সেরা দল উত্তর কোরিয়ার বিপক্ষে বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে বাংলাদেশ নারী দলকে। এ দুটি দলের বিপক্ষে আগে কখনো খেলেনি তারা। তবে এশিয়া নারী ফুটবলের আরেক পাওয়ার হাউস জাপানের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০২২ সালের এশিয়ান গেমসে জাপানের কাছে ৮-০ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। এছাড়া অনূর্ধ্ব-১৭ এএফসি চ্যাম্পিয়নশিপে উত্তর কোরিয়ার কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। অতীত রেকর্ড অনুযায়ী এশিয়া কাপের মঞ্চে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়ছে বাংলাদেশ। তবে এশিয়ান কাপে ভালো খেলতে আত্মবিশ্বাসী কোচ পিটার বাটলারের দল।

চীনের বিপক্ষে প্রথম ম্যাচ সামনে রেখে সিডনির মাঠে অনুশীলনে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিচ্ছেন বাংলাদেশের মেয়েরা। অনুশীলনে তাদের ভুল-ত্রুটিগুলো শুধরে দিচ্ছেন কোচ বাটলার। এছাড়া সিডনির আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা। গতকাল অনুশীলনে ঘাম ঝরানোর পর বাফুফের পাঠানো ভিডিও বার্তায় ফুটবলার সুরভী আখন্দ প্রীতি জানালেন, টুর্নামেন্টের জন্য তাদের প্রস্তুতি ভালো হয়েছে। তিনি বলেন, ‘সবকিছু মিলে ভালো হয়েছে। আমরা এখানে আসার পর একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছি। আমাদের যে ভুল-ত্রুটি হয়েছে, কোচ দুটি ট্রেনিং সেশন করিয়েছেন।’ অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ নারী দল। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এ ম্যাচ খেলার অভিজ্ঞতা প্রসঙ্গে সুরভী বলেন, ‘এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমরা ভালো করেছি। তবে তারা তো শক্তিশালী দল।’ একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা নিংড়ে দেওয়ার প্রত্যয় সুরভীর। তিনি বলেন, ‘আমি যদি সুযোগ পাই, তাহলে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। এই প্রথমবার বাংলাদেশ একটা বড় মঞ্চে এসেছে। এটি ভালো লাগারই কথা।’

এদিকে এশিয়ান কাপের জন্য দেশি ফিজিও না থাকায় বিপাকে পড়ে বাংলাদেশ দল। নিয়মিত ফিজিও লাইজু ইয়াসমিন লিপা ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তাই ফিজিওর দায়িত্ব পড়েছিল জাকিয়া রহমানের কাঁধে। জাকিয়াও অসুস্থ হয়ে পড়েন। তবে অস্ট্রেলিয়ার স্থানীয় ফিজিও ইসনাদ জামকনকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ। সুরভী বলেন, ‘আমাদের ফিজিও অসুস্থ হয়ে গিয়েছিলেন। তার সার্জারি হয়েছে। তাই আমাদের সঙ্গে আসতে পারেননি। এখানকার ফিজিও ভালো। সবাই আমরা মানিয়ে নিতে পারছি।’

জয়ে এশিয়ান কাপ শুরু অস্ট্রেলিয়ার

বিশ্বকাপে অনিশ্চিত ইরান, বিকল্প ভাবনায় ফিফা

ইয়ামালের হ্যাটট্রিকে বার্সার জয়, গোলবন্যা লিভারপুলের

‘ডেথ হাফে’ ছয় চ্যাম্পিয়নের মহারণ

নিরাপত্তা মূল্যায়নে মেক্সিকো সফরে ফিফা

আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় নারী দল

কনকাকাফে বাংলাদেশি সুলিভানের ইতিহাস

মেসির গোলে জিতল ইন্টার মিয়ামি

কেইন-ওলিসে-দিয়াজ ত্রয়ীর সামনে ‘এমএসএন’ চ্যালেঞ্জ

জাদুকরী পারফরম্যান্সে নেইমারের জবাব