মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে আবারও নিজেদের চেনা রূপে ফিরল ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলির ফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপ জিতে ঘরোয়া ট্রেবলের স্বপ্ন টিকিয়ে রাখল পেপ গার্দিওলার দল।
এর আগে মার্চে লিগ কাপ জিতেছিল সিটিজেনরা। এবার এফএ কাপও ঘরে তোলায় চলতি মৌসুমে তাদের দ্বিতীয় ঘরোয়া শিরোপা নিশ্চিত হলো। এখন চোখ প্রিমিয়ার লিগে। আর্সেনালের সঙ্গে জমে ওঠা শিরোপা লড়াইয়ে এখনও টিকে আছে ম্যানসিটি। দুই ম্যাচ হাতে রেখে দুই দলের ব্যবধান মাত্র ২ পয়েন্ট। ফলে শেষ পর্যন্ত ট্রেবল জিততে হলে নিজেদের বাকি ম্যাচ জয়ের পাশাপাশি আর্সেনালের হোঁচটও কামনা করতে হবে গার্দিওলার শিষ্যদের।
গত দুই এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসের কাছে হারতে হয়েছিল সিটিকে। তবে এবার আর ভুল করেনি তারা। ক্লাব ইতিহাসে অষ্টমবারের মতো এফএ কাপ জিতল ম্যানসিটি। আর কোচ হিসেবে পেপ গার্দিওলার এটি ২০তম শিরোপা, এফএ কাপে তৃতীয়।
ফাইনালে শুরু থেকেই রক্ষণে শক্ত অবস্থান নেয় চেলসি। দীর্ঘ সময় ম্যানসিটির আক্রমণ সামলে রাখে তারা। ২৭ মিনিটে আর্লিং হালান্ড বল জালে পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। প্রথমার্ধের শেষ দিকে আবারও গোলের সুযোগ পেয়েছিলেন নরওয়েজিয়ান তারকা, কিন্তু চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ দারুণ সেভে দলকে বাঁচান।
তবে ম্যাচের ৭২ মিনিটে আর রক্ষা হয়নি ব্লুজদের। বার্নার্ডো সিলভার পাস থেকে ডান প্রান্তে বল পান হালান্ড। সেখান থেকে তিনি বল বাড়ান আন্তোয়ান সেমেনিওর দিকে। চেলসি ডিফেন্ডার লেভি কলউইলের চাপে থেকেও অসাধারণ দক্ষতায় বল নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে গোল করেন ঘানার ফরোয়ার্ড।
পাঁচ মিনিট পর সমতায় ফেরার বড় সুযোগ পেয়েছিল চেলসি। ছয় গজ বক্সের ভেতর থেকে এনজো ফার্নান্দেজের শট অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত সেই আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় লন্ডনের দলটিকে।
এখন ম্যানসিটির পূর্ণ মনোযোগ প্রিমিয়ার লিগে। মঙ্গলবার বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামবে তারা। লিগের শিরোপা দৌড়ে শেষ হাসি হাসতে পারবে কি না, তা সময়ই বলে দেবে। তবে গার্দিওলার সম্ভাব্য বিদায়ী মৌসুমে অন্তত দুটি ট্রফি ইতোমধ্যেই নিশ্চিত করেছে ম্যানসিটি।