হোম > খেলা > ফুটবল

মেসি–ইয়ামালের লড়াই হচ্ছে না, বাতিল ফিনালিসিমা

স্পোর্টস ডেস্ক

ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত মুখোমুখি লড়াই আর হচ্ছে না। নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত ২০২৬ সালের ফিনালিসিমা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

আগে পরিকল্পনা ছিল, ইউরো ২০২৪ জয়ী স্পেন এবং কোপা আমেরিকা ২০২৪ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই ম্যাচটি ২৭ মার্চ কাতারে অনুষ্ঠিত হবে। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন তারিখ নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়।

উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, কাতারে ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এজন্য কাতারের আয়োজক কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি দ্রুত ওই অঞ্চলে শান্তিপূর্ণ পরিস্থিতি ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেছে সংস্থাটি।

ম্যাচটি আয়োজনের জন্য উয়েফা একাধিক বিকল্প প্রস্তাবও দিয়েছিল। প্রথমে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে সমান সংখ্যক সমর্থক বণ্টনের মাধ্যমে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়। পরে দুই লেগে খেলার প্রস্তাবও দেওয়া হয়—একটি ম্যাচ মাদ্রিদে এবং অন্যটি বুয়েনস আয়ার্সে। এমনকি নিরপেক্ষ ভেন্যুতেও ম্যাচ আয়োজনের চেষ্টা করা হয়েছিল। তবে এসব প্রস্তাবের কোনোটি আর্জেন্টিনা গ্রহণ করেনি বলে জানিয়েছে উয়েফা।

এরপর আর্জেন্টিনা বিশ্বকাপের পর ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়। কিন্তু স্পেনের ব্যস্ত সূচির কারণে সেটিও সম্ভব হয়নি। পরে আর্জেন্টিনা শুধু ৩১ মার্চ খেলার প্রস্তাব দিলে সেটিও কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হয়নি। ফলে শেষ পর্যন্ত টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত নেয় উয়েফা।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর উয়েফা ঘোষণা দিয়েছিল, ২০২৬ সালের ফিনালিসিমা কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে নানা জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। সবশেষ ২০২২ সালে অনুষ্ঠিত ফিনালিসিমায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার সেই লড়াইয়ের পুনরাবৃত্তি দেখার অপেক্ষা অপূর্ণই রয়ে গেল ফুটবলপ্রেমীদের।

ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে সুরমা জোনের চ্যাম্পিয়ন মৌলভীবাজার

ঢাকা ট্রেনিং ক্যাম্পের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইরান, বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার দাবি

ওয়েস্ট হ্যামের সঙ্গে ড্র, শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ল ম্যানসিটি

২০২৬ বিশ্বকাপ ঘিরে উদ্বেগ, ফিফাকে চিঠি মানবাধিকার সংগঠনগুলোর

সপ্তম জয়ে শিরোপার দৌড়ে এগিয়ে কিংস

নারী দলের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ মিশন

হালান্ডকে ঘিরে সিটি-বার্সা আলোচনার গুঞ্জন

ট্রাম্পের সতর্কবার্তা, ইরানের কঠোর হুঁশিয়ারি

মোহামেডানে হোঁচট, জয় পেল রহমতগঞ্জের