ইউরোপের মুকুট আবারও প্যারিসে। নাটকীয় এক ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছে পিএসজি। তবে শিরোপা জয়ের উচ্ছ্বাসের মধ্যেও ব্যক্তিগত কীর্তিকে বড় করে দেখতে রাজি নন কোচ লুইস এনরিকে। বরং তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগ জয়ের পরও তার চোখ এখন পরের লক্ষ্যেই।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে শুরুটা অবশ্য পিএসজির পরিকল্পনা অনুযায়ী হয়নি। ম্যাচের ষষ্ঠ মিনিটেই কাই হাভার্টজের গোলে এগিয়ে যায় আর্সেনাল। দীর্ঘ সময় সেই লিড ধরে রেখে প্রথম ইউরোপীয় শিরোপার স্বপ্নও দেখতে শুরু করেছিল ইংলিশ ক্লাবটি।
তবে ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে ছিল পিএসজির একচেটিয়া আধিপত্য। শতকরা ৭৪ ভাগ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখা ফরাসি চ্যাম্পিয়নরা ২১টি শট নেয়। অবশেষে দ্বিতীয়ার্ধে উসমান দেম্বেলের পেনাল্টি গোলে সমতায় ফেরে তারা। অতিরিক্ত সময়েও নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা ধরে রাখে পিএসজি।
ম্যাচ শেষে এনরিকে বলেন, শুরুতে আর্সেনালের গোলটি তাদের জন্য বড় ধাক্কা ছিল, ‘আমি মনে করি ম্যাচটা তাদের জন্য ভালোভাবেই শুরু হয়েছিল। কিছুটা ভাগ্যের সহায়তায় তারা গোল পেয়েছিল। এরপর অবশ্য তাদের ওপর চাপ তৈরি হয়, কারণ তারা জানে কীভাবে রক্ষণ সামলাতে হয়।’
এক গোল পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে কতটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, সেটিও তুলে ধরেন স্প্যানিশ কোচ, “এটা খুব কঠিন ছিল। আমরা সাধারণত বলের নিয়ন্ত্রণ রেখে আক্রমণ করতে পছন্দ করি। কিন্তু আর্সেনাল শারীরিকভাবে খুবই শক্তিশালী দল। তারা প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করে। তারপরও আমি মনে করি ম্যাচটি ড্র হওয়ারই যোগ্য ছিল। শেষ পর্যন্ত ট্রফি জিততে পেরে আমরা খুবই আনন্দিত।”
এই শিরোপার মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগ যুগে রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে টানা দুইবার ইউরোপ সেরা হওয়ার কৃতিত্ব দেখাল পিএসজি। একই সঙ্গে কোচ হিসেবে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন এনরিকে। ফলে তিনি পেপ গার্দিওলা, জিনেদিন জিদান ও বব পেইসলির কাতারে জায়গা করে নিয়েছেন। এই তালিকায় পাঁচটি শিরোপা নিয়ে সবার ওপরে রয়েছেন কার্লো আনচেলত্তি।
তবুও ‘লিজেন্ড’ তকমা নিয়ে কোনো আগ্রহ নেই এনরিকের, “লিজেন্ড? এসব নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমার তো মাত্র তিনটি শিরোপা। আমাকে আরও উন্নতি করতে হবে। এখন আমি চতুর্থটির জন্য লড়াই করব।”
শিরোপা জয়ের পর নিজের অনুভূতির কথাও জানিয়েছেন পিএসজি কোচ, “অনুভূতিটা মিশ্র। উত্তেজনা আছে, ক্লান্তিও আছে। তবে এটাই মৌসুমের সেরা মুহূর্ত। আমরা এখনও চ্যাম্পিয়ন, টানা দ্বিতীয়বারের মতো। এটা অসাধারণ। পুরো মৌসুমে সমর্থকেরা আমাদের পাশে ছিল। আমরা ফাইনালে ওঠার যোগ্য ছিলাম এবং শেষ পর্যন্ত শিরোপাও জিতেছি।”
একই সঙ্গে প্রতিপক্ষ আর্সেনালেরও প্রশংসা করেন এনরিকে। তার মতে, মিকেল আর্তেতার দল ম্যাচজুড়ে দারুণ লড়াই করেছে এবং পিএসজিকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল।