দীর্ঘ আট বছরের অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন মিসরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্লাবের ইতিহাসে অন্যতম সফল এক যুগের অবসান ঘটতে যাচ্ছে এর মধ্য দিয়ে। ২০১৭ সালে রোমা থেকে অ্যানফিল্ডে পা রাখার পর সালাহ দ্রুতই নিজেকে ক্লাবের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন। এখন পর্যন্ত ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করে তিনি লিভারপুলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন। তার আগে রয়েছেন রজার হান্ট (২৮৫) ও ইয়ান রাশ (৩৪৬)।
লিভারপুল ক্যারিয়ারে চারবার প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন সালাহ। ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগ জয় এবং দুটি লিগ শিরোপাসহ ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ ও লিগ কাপ জয়ের সাফল্যও এসেছে তার হাত ধরে। তবে চলতি মৌসুমে তার পারফরম্যান্স কিছুটা ম্লান। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত করেছেন মাত্র পাঁচ গোল, যেখানে আগের মৌসুমে ছিল ২৯ গোল। এর সঙ্গে কোচ আর্নে স্লটের সঙ্গে দ্বন্দ্বও সালাহর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করে। একাধিক ম্যাচে তাকে বেঞ্চে বসিয়ে রাখার ঘটনাও সেই বিতর্ককে উসকে দেয়।
শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় বিদায়ের ঘোষণা দেন সালাহ। তিনি লেখেন, ‘দুর্ভাগ্যবশত সে দিনটি সামনে এসেছে। মৌসুম শেষে আমি লিভারপুল ছাড়ছি। কখনো ভাবিনি এই ক্লাব, এই শহর, এই মানুষগুলো আমার জীবনের এতটা অংশ হয়ে উঠবে। লিভারপুল শুধু একটি ক্লাব নয়—এটি একটি আবেগ, ইতিহাস ও একটি আত্মা। সমর্থকদের ভালোবাসা আমি কখনো ভুলব না। তারা সব সময় আমার সঙ্গে থাকবে।’
সালাহর বিদায়ের ঘোষণার পরই প্রশ্ন উঠেছে তার পরবর্তী গন্তব্য কোথায়। যদিও তার এজেন্ট রামি আব্বাস ইসা জানিয়েছেন, বিষয়টি এখনো চূড়ান্ত নয়। তিনি বলেন, ‘সালাহ আগামী মৌসুমে কোথায় খেলবেন, তা আমরা জানি না। কেউই জানে না। ভুয়া খবর থেকে সতর্ক থাকুন।’ তবে সৌদি আরবের আল ইত্তিহাদ, আল হিলাল ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারেও তার যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।