স্প্যানিশ ফুটবলে নতুন অধ্যায় শুরু করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। গত মাসে পঞ্চম বিভাগের ক্লাব ইউই কর্নেল্লার মালিকানা নেওয়ার পর এবার খেলোয়াড় ও কোচিং স্টাফদের উদ্দেশ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বার্তা দিয়েছেন তিনি।
ভিডিও বার্তায় মেসি ক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে জানান, উন্নয়ন ও অগ্রগতির জন্য যা যা প্রয়োজন, তা নিশ্চিত করতে তিনি পাশে থাকবেন। নতুন এই উদ্যোগ নিয়ে নিজের উচ্ছ্বাসও লুকাননি আর্জেন্টাইন তারকা। তার ভাষায়, এই নতুন প্রকল্পকে ঘিরে তাদের মধ্যে দারুণ উত্তেজনা কাজ করছে।
ক্লাবটির মৌসুম শেষের পথে, তেরসেরা আরএফইএফ লিগের নিয়মিত পর্বের আর মাত্র দুটি ম্যাচ বাকি। এরই মধ্যে সেগুন্দা আরএফইএফে উত্তরণের লক্ষ্যে বাছাইপর্বে জায়গা করে নিয়েছে কর্নেল্লা। এমন গুরুত্বপূর্ণ সময়ে দলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মেসি। তিনি জানিয়েছেন, নিয়মিতভাবেই দলের পারফরম্যান্স পর্যবেক্ষণ করছেন এবং সমর্থন দিয়ে যাচ্ছেন।
স্পেনের এই ক্লাবটি দীর্ঘদিন ধরেই তরুণ প্রতিভা গড়ে তোলার জন্য পরিচিত। এখান থেকেই উঠে এসেছেন জর্দি আলবা, জেরার্দো মার্টিন ও ডেভিড রায়ার মতো খেলোয়াড়রা। সেই ধারাবাহিকতা ধরে রাখতেই মেসির এই বিনিয়োগ—যেখানে মূল লক্ষ্য স্থানীয় প্রতিভা লালন এবং ক্লাবকে একটি শক্তিশালী কাঠামোর মধ্যে দাঁড় করানো।
গত ১৬ এপ্রিল ক্লাবটি কেনার ঘোষণা দেন লিওনেল মেসি। বার্সেলোনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক এবং স্প্যানিশ ফুটবলের প্রতি আবেগ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
মেসির এই উদ্যোগে শুধু বিনিয়োগ নয়, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ছাপ স্পষ্ট। স্থায়িত্ব ও উচ্চাকাঙ্ক্ষার সমন্বয়ে, শিকড়ের সঙ্গে সংযোগ বজায় রেখে কর্নেল্লাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই তার লক্ষ্য।