চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হারের তেতো স্বাদ হজম করেছে বার্সেলোনা। সেই হারের ক্ষতটা বেশ ভালোভাবেই শুকিয়ে নিয়েছে কাতালানরা। লা লিগার ম্যাচ দিয়ে দাপটের সঙ্গে ফের জয়ের ধারায় ফিরেছে কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা। স্প্যানিশ লিগের ম্যাচে ফেরান তোরেসের জোড়া গোলের সুবাদে বার্সা ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে এসপানিওলকে।
বার্সার হয়ে বাকি গোল দুটি করেন লামিনে ইয়ামাল ও মার্কাস রাশফোর্ড। ন্যু ক্যাম্পে সফরকারী এসপানিওলের হয়ে একটি গোল শোধ করেন পল লোজানো। কাতালান ডার্বি জয়ে শীর্ষস্থানটা আরো মজবুত করল জায়ান্ট ক্লাবটি। ৩১ ম্যাচ খেলে ২৬ জয়, ১ ড্র ও ৪ হারে ৭৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে লামিনে ইয়ামালরা। দাপুটে চিরশত্রু রিয়াল থেকে পরিষ্কার ৯ পয়েন্টে এগিয়ে গেল বার্সা।
অন্যদিকে সময়টা মোটেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। খারাপ সময়ের দুষ্ট চক্রে যেন একটু একটু করে আটকে পড়ছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। আর তাতে শিরোপা লড়াই থেকে ধীরে ধীরে যেন ছিটকে যাওয়ার উপক্রম রিয়ালের। মার্চে সময়টা ভালোই কেটেছে রিয়ালের। কিন্তু এপ্রিল আসতেই সব যেন গড়বড় হয়ে গেছে তাদের জন্য। চলতি মাসে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে রিয়াল। পয়েন্ট হারিয়েছে তিনটিতেই।
সর্বশেষ শুক্রবার রাতে লা লিগার ম্যাচে জিরোনার মতো দল রুখে দিয়েছে রিয়ালকে। দলটি হোঁচট খেয়েছে ১-১ গোলে। তা আবার নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। তার আগে স্প্যানিশ লিগে মায়োর্কা ও চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে ২-১ ব্যবধানে হার মেনেছে কোচ আলভারো আরবেলোয়ার ক্লাবটি।