হোম > খেলা > ফুটবল

আন্তর্জাতিক বিরতিতে চোটের ছোবলে রাফিনিয়া-হালান্ডরা

স্পোর্টস ডেস্ক

জাতীয় দলের ব্যস্ত সূচি শেষ হলেও ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর দুশ্চিন্তা কমছে না। আন্তর্জাতিক বিরতিতে চোট, পেশির টান কিংবা শারীরিক অস্বস্তিতে পড়েছেন একাধিক তারকা ফুটবলার। ইংল্যান্ড, স্পেন, ইতালি, ফ্রান্স ও জার্মানির শীর্ষ পাঁচ লিগের অন্তত ৬০ জন খেলোয়াড় আন্তর্জাতিক দায়িত্ব পালনের সময় কোনো না কোনো শারীরিক সমস্যায় পড়েছেন বলে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সেরের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রিমিয়ার লিগের ক্লাবগুলো সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে। এই লিগের ১৬ জন খেলোয়াড় চোট বা শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন। আর্সেনালের কাই হাভার্টজ, লিভারপুলের আলেক্সান্ডার ইসাক এবং ম্যানচেস্টার ইউনাইটেডের প্যাট্রিক দর্গুর মতো খেলোয়াড়দের নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডও নরওয়ের হয়ে পর্তুগালের বিপক্ষে ম্যাচে ৬৭ মিনিটে মাঠ ছাড়েন। ক্লান্তি ও পেশিতে অস্বস্তির কারণে বদলি হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

স্পেনের সংবাদমাধ্যমের হিসাবে, লা লিগার ১৩ জন খেলোয়াড়ও আন্তর্জাতিক বিরতিতে শারীরিক সমস্যায় পড়েছেন। রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের হয়ে খেলার সময় বাঁ হাঁটুতে চোট পান। অন্যদিকে ব্রাজিলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের বিরতিতে তুলে নেওয়া হয় বার্সেলোনার রাফিনিয়াকে। তার ডান ঊরুতে ফোলা দেখা দেওয়ায় জাতীয় দলের ক্যাম্প ছাড়তে হয়। তবে পরবর্তী পরীক্ষায় গুরুতর চোট ধরা পড়েনি বলে বার্সেলোনার সূত্র জানিয়েছে।

এদিকে আন্তর্জাতিক বিরতিতে চোটের ধাক্কা নিয়ে ক্লাবগুলোর অসন্তোষও বাড়ছে। ১৬ দিনের দীর্ঘ বিরতিতে কয়েকটি দলকে চারটি পর্যন্ত ম্যাচ খেলতে হয়েছে। জাতীয় দলের দায়িত্ব পালনের পর ক্লাবের গুরুত্বপূর্ণ সূচিতে খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখা তাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইতালির সিরি ‘আ’-তে ১৪, লা লিগায় ১৩, ফরাসি লিগ আঁ-তে ৯ এবং বুন্দেসলিগায় ৮ জন খেলোয়াড়ের শারীরিক সমস্যার খবর এসেছে।

আন্তর্জাতিক ফুটবলের সূচি ও খেলোয়াড়দের বিশ্রাম নিয়ে পুরোনো বিতর্ক আবারও সামনে এসেছে। ক্লাবগুলো তারকাদের জন্য বিপুল অর্থ ব্যয় করে; অথচ জাতীয় দলের ম্যাচে চোট পেলে সেই ক্ষতির বোঝা শেষ পর্যন্ত ক্লাবকেই বহন করতে হয়। তাই খেলোয়াড়দের শারীরিক চাপ সামলানো এবং আন্তর্জাতিক সূচিতে পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করার দাবি আরো জোরালো হচ্ছে।

বসুন্ধরা কিংস ও ফর্টিসের গোল উৎসব

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে খেলবে বাংলাদেশ

সাদ-সোহেলের নাইট ক্লাবে যাওয়া ঠিক হয়নি: জামাল

ফুলহামের বর্ষসেরা বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

নেইমারের জোড়া গোলে রক্ষা সান্তোসের

মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’

শেষ মুহূর্তের গোলে উজবেকদের হারিয়ে বাংলাদেশের শুরু

মেসির বিদায়ী ম্যাচে তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হলো বেনিন

চোটের মধ্যেও বিতর্কে এমবাপ্পে, রিয়ালে বাড়ছে অস্বস্তি

মেসির বিদায়, তিন ছেলেকে ঘিরে আর্জেন্টিনার নতুন স্বপ্ন