আর্জেন্টিনার সাফল্যের রূপকার লিওনেল স্কালোনির সঙ্গে আরও চার বছরের চুক্তি নবায়ন করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ফলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আলবিসেলেস্তেদের কোচের দায়িত্বে থাকছেন ৪৮ বছর বয়সী এই আর্জেন্টাইন।
বৃহস্পতিবার চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে এএফএ। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, নতুন মেয়াদ পূর্ণ করতে পারলে আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি বিশ্বকাপে কোচিং করানোর রেকর্ড গড়বেন স্কালোনি।
২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর আর্জেন্টিনা ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা করেন তিনি। তাঁর অধীনেই ২০২২ কাতার বিশ্বকাপে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমার শিরোপাও জিতেছে দলটি। চলতি বছর উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছেন স্কালোনি। নতুন চুক্তিতে তাঁর সামনে এখন আরেকটি বিশ্বকাপ জয়ের চ্যালেঞ্জ।