আগামী ১-১০ জুন মালদ্বীপে হবে চার জাতির ফুটবল টুর্নামেন্ট। স্বাগতিক মালদ্বীপসহ বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান টুর্নামেন্টে খেলবে। মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের ৭৫ বছরপূর্তি উপলক্ষে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আসন্ন টুর্নামেন্টে জাতীয় ফুটবল দলই পাঠাবে বাংলাদেশ।
যদিও ঠিক একই সময়ের মধ্যে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে হামজা-শমিতরা। তবে ফুটবল ফেডারেশন প্রীতি ম্যাচ ও চার জাতির টুর্নামেন্ট সামনে রেখে দুটি জাতীয় দল প্রস্তুত করছে। বাফুফে সূত্রে জানা গেছে, মালদ্বীপের টুর্নামেন্টে তারণ্যনির্ভর দল গঠন করা হবে। আর সিনিয়র ফুটবলারদের নিয়ে গঠন করা হবে প্রীতি ম্যাচের দল।
চার জাতির টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভানকে খেলাতে চাইছে ফুটবল ফেডারেশন। সবশেষ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো খেলেন রোনান সুলিভান ও তার ভাই ডেকলান সুলিভান। সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে যুব সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাফের সেরা খেলোয়াড় রোনানকে মালদ্বীপের টুর্নামেন্টের প্রাথমিক দলে রাখা হয়েছে। তার সঙ্গে আরো কয়েকজন তরুণ প্রবাসী ফুটবলারও আছেন চূড়ান্ত দলে জায়গা পাওয়ার বিবেচনায়।
তবে আসন্ন টুর্নামেন্টে রোনানকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। জানা যায়, টুর্নামেন্টের সময় রোনানের পরীক্ষা রয়েছে। যে কারণে বাংলাদেশে আসতে রাজি নন এই প্রবাসী খেলোয়াড়। তারপরও তাকে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে। কেননা, মালদ্বীপে মানসম্মত ফুটবলারই মাঠে নামাতে চায় বাংলাদেশ। তবে ইংল্যান্ড প্রবাসী তানিন শালিককে পাওয়া যাবে। কিন্তু খেলবেন না অস্ট্রেলিয়া প্রবাসী আরহাম ইসলাম। আগামী ২৪ মে থেকে ফর্টিসের মাঠে কোচ মারুফুল হকের অধীনে দলের অনুশীলন শুরু হবে। শিগগির মালদ্বীপের টুর্নামেন্টের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে ফুটবল ফেডারেশন।