হোম > বিশ্ব > আফ্রিকা

কেনিয়ায় ১৬ বিলিয়ন ডলারের তেল শোধনাগার, দৈনিক পরিশোধন করবে ৭ লাখ ব্যারেল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

আফ্রিকার শীর্ষ ধনী ব্যক্তি আলিকো ডাঙ্গোট কেনিয়ার উপকূলীয় লামু কাউন্টিতে ১৬ বিলিয়ন ডলারের একটি তেল শোধনাগার নির্মাণের কাজ শুরু করেছেন। বুধবার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে শুরু হওয়া এ প্রকল্পের লক্ষ্য পূর্ব আফ্রিকার বৃহত্তর বাজারে জ্বালানি সরবরাহ করা।

‘ডাঙ্গোট ইস্ট আফ্রিকা রিফাইনারি’ নামে প্রস্তাবিত শোধনাগারটিতে প্রতিদিন ৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা থাকবে। এখান থেকে কেনিয়া ও প্রতিবেশী দেশগুলোতে পেট্রোল, ডিজেল ও উড়োজাহাজের জ্বালানি সরবরাহ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিশোধিত জ্বালানি আমদানির ওপর এ অঞ্চলের নির্ভরতা কমতে পারে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ডাঙ্গোট বলেন, “আজ থেকে ৪০ মাসের মধ্যে আমরা ফিরে এসে এই শোধনাগার উদ্বোধন করব—এ প্রতিশ্রুতি দিচ্ছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তিনি জানান, দেশটির সরকার ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের মাধ্যমে শোধনাগারটিতে অংশীদারত্ব নেওয়ার পরিকল্পনা করছে। একই সঙ্গে সাধারণ মানুষকেও এতে বিনিয়োগের সুযোগ দেওয়া হবে।

রুটো বলেন, “জীবনের সব ক্ষেত্রের কেনিয়ানদের এই শোধনাগারে বিনিয়োগের সুযোগ রয়েছে। সরকারও এতে অংশীদার হবে এবং সম্পদ বিনিয়োগ করবে। আমরা কোনো কিছু বিনা মূল্যে চাই না।”

এর আগে বুধবার রুটো নির্মাণস্থলে জড়ো করা বিভিন্ন যন্ত্রপাতি পরিদর্শন করেন। তিনি বলেন, বিপুল পরিমাণ যন্ত্রপাতি লামুকে পূর্ব আফ্রিকা ও এর বাইরের অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্পকেন্দ্রে পরিণত করার উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন।

ডাঙ্গোট জানান, এরই মধ্যে প্রকল্প এলাকায় ১১০টির বেশি সরঞ্জাম পৌঁছেছে। আগামী ৬০ দিনের মধ্যে আরও প্রায় ৪০০টি সরঞ্জাম সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

তিনি বলেন, “ইথিওপিয়ায় সার কারখানার পর এটি আমাদের চালু করা দ্বিতীয় দ্রুতগতির প্রকল্প। প্রেসিডেন্ট রুটো, আপনি আমার ওপর কী জাদু করেছেন, আমি জানি না।”

আফ্রিকার অর্থনীতিতে কাঁচামাল রপ্তানি ও তৈরি পণ্য আমদানির ওপর নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ডাঙ্গোট। তার ভাষায়, “আমাদের কাছে যা আছে তা রপ্তানি করে এবং যা প্রয়োজন তা আমদানি করে আফ্রিকা দীর্ঘস্থায়ী সমৃদ্ধি গড়ে তুলতে পারবে না।”

অনুষ্ঠানে উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি, বেনিনের প্রেসিডেন্ট রোমুয়াল্ড ওয়াদাগনি, টোগোর প্রেসিডেন্ট জ্যাঁ-লুসিয়েন সাভি দে তোভে এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া সাবেক নাইজেরীয় প্রেসিডেন্ট ওলুসেগুন ওবাসানজোসহ বিভিন্ন আফ্রিকান সরকারের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

সাবেক সাংবাদিক রাজা হলেন উগান্ডায়

দক্ষিণ আফ্রিকায় দেশব্যাপী গণবিক্ষোভের ডাক

নাইজেরিয়ায় জঙ্গলে মিলল ২৮ জনের মাথার খুলি ও হাড়

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ২৭, আহত ২৬

অভিবাসীদের জন্য আতঙ্কের জায়গা হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

আফ্রিকায় ভুট্টার দাপটে হারিয়ে যাচ্ছে পুষ্টিকর ঐতিহ্যবাহী ফসল

রাজা চার্লসের আশ্বাসে বার্মিংহাম গেমসে ফিরল উগান্ডা

কঙ্গোর স্কুলে আগুন, নিহত ২৯ শিশু

মিসরে ৪ হাজার ৩০০ বছরের পুরোনো বিচারকের সমাধি আবিষ্কার