মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে সব পক্ষকে নমনীয় অবস্থান নেওয়া এবং সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছে মিসর। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলাপকালে এ আহ্বান জানান মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাদের জাকি এক বিবৃতিতে জানান, দুই মন্ত্রী নতুন করে সামরিক সংঘাত শুরুর আশঙ্কা এবং এর ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, সংকটের রাজনৈতিক সমাধানে পৌঁছাতে কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন আবদেলাত্তি। তিনি সতর্ক করে বলেন, সংঘাত আরও ছড়িয়ে পড়লে পুরো অঞ্চল ও বিশ্বকে গুরুতর রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক পরিণতির মুখে পড়তে হতে পারে।
এদিকে বৃহস্পতিবারই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ধারাবাহিকভাবে পৃথক টেলিফোনে কথা বলেন আরাগচি। তাঁদের মধ্যে রয়েছেন কাতার, কুয়েত, ওমান, তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা।
এমএমআর