ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার গাড়িবহরে যানবাহনের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার নির্দেশ দিয়েছেন। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি খরচ কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেইসঙ্গে তার গাড়িবহরে বৈদ্যুতিক গাড়ির (ইভি) সংখ্যা বাড়ানোর নির্দেশও দিয়েছেন তিনি।
মোদির নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ সুরক্ষা বাহিনী বা এসপিজিকে এরইমধ্যে এই নির্দেশা বাস্তবায়ন করা শুরু করেছে। মোদির এই খরচ কমানোর উদ্যোগ বিজেপি শাসিত অন্য রাজ্যগুলোও অনুসরণ করছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবসহ অন্যান্য মন্ত্রীরাও তাদের সরকারি গাড়িবহরে যানবাহনের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং জ্বালানি সংকট দেখা দিয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, সরবরাহব্যবস্থার বিঘ্ন এবং মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় সবাইকে ভূমিকা রাখতে হবে।
প্রধানমন্ত্রী দেশবাসীকে ‘জাতীয় দায়িত্বশীল’ জীবনযাপন অনুসরণের আহ্বান জানান এবং স্থানীয় পণ্য ব্যবহারে উৎসাহ দেন।
এ ছাড়া বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতে এক বছরের জন্য ‘অপ্রয়োজনীয় স্বর্ণ’ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানান মোদি। একই সঙ্গে বিদেশ ভ্রমণ ও বিদেশে গন্তব্যভিত্তিক বিয়ের আয়োজন এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।
সূত্র: এনডিটিভি
আরএ