যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের পঞ্চম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে সহজ জয় পেয়েছেন ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসওম্যান ইলহান ওমর। অভিবাসনসংক্রান্ত তথ্য ও আর্থিক বিবরণী নিয়ে দুটি পৃথক ফেডারেল তদন্ত চললেও মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন নাগেলকে পরাজিত করে পঞ্চমবারের মতো প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছেন তিনি।
২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে জয়ী হয়ে কংগ্রেসে আসেন সোমালিয়ায় জন্ম নেওয়া ইলহান ওমর। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম দুই মুসলিম নারী কংগ্রেস সদস্যের একজন।
মিনিয়াপোলিস ও এর পার্শ্ববর্তী এলাকা নিয়ে গঠিত এই ডিস্ট্রিক্টটির প্রতিনিধিত্ব করছেন ইলহান ওমর। ২০১৯ সাল থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন। যুক্তরাষ্ট্রের মধ্যে ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে এই এলাকাটি পরিচিত।
সোমালি শরণার্থী ইলহান ওমর অভিবাসন ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনার মুখে পড়েছেন। ট্রাম্প অতীতে তাকে সোমালিয়ায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং বিভিন্ন সময়ে প্রকাশ্যে তার সমালোচনা করেছেন।
তবে নির্বাচনে জয়ের পরও আইনি জটিলতা থেকে মুক্তি মিলছে না তার। গত ১২ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে তার বাসভবনে অভিযান চালায় হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের (এইচএসআই) সদস্যরা। এ সময় তার মুঠোফোন, পাসপোর্ট ও কম্পিউটার জব্দ করা হয়। সংগ্রহ করা হয় ডিএনএ নমুনাও।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন, মার্কিন নাগরিকত্বের আবেদন করার সময় ইলহান ও তার বাবা অভিবাসনসংক্রান্ত নথিতে কোনো মিথ্যা তথ্য দিয়েছিলেন কি না। এ ছাড়া অভিযানের পর তার বোন সাহরা নুরও স্বেচ্ছায় ফেডারেল তদন্তকারীদের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে ফক্স নিউজ ডিজিটাল।
যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার অ্যাটর্নি কার্যালয়ের আদালত-সংক্রান্ত নথিতে ইলহানের নাম ‘ইলহান ওমর নুর সাঈদ এলমি’ উল্লেখ করা হয়েছে। ২০০৯ সালে বিয়ে করা ব্যক্তির সঙ্গে তার পদবি মিল রয়েছে বলেও নথিতে ইঙ্গিত পাওয়া গেছে।
সূত্র: ফক্স নিউজ
আরএ