স্পেনে যাওয়ার পথে মরক্কো উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকরা একটি নৌকা ডুবে গেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৯ অভিবাসী।
এক বিবৃতিতে মালি কৃর্তপক্ষ জানিয়েছে, স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২৫ জন মালির নাগরিক বলে জানা গেছে।
ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৮০ জন আরোহী ছিল। দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন ১১ জন । শুক্রবার এক বিবৃতিতে মন্ত্রণালয়ের উপদেষ্টা দৌলয়ে কেইতা জানিয়েছেন, নিহত মালি নাগরিকদের মধ্যে বেশ কয়েকজন দেশটির পশ্চিমাঞ্চলীয় কায়েস অঞ্চলের বাসিন্দা।
কায়েস অঞ্চলের মারেনা কমিউনের মেয়র জানান, নিহত কায়েস অঞ্চলের যুবকরা সাত মাস আগে মৌরিতানিয়ায় নির্মাণ শ্রমিক হিসেবে এলাকা ছেড়েছিলেন। তারপর তারা ইউরোপ এবং আমেরিকায় তাদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে উন্নত দেশে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রেই তারা তাদের পরিবারকে না জানিয়েই এই বিপজ্জনক পথে যাত্রা করেছিল।
পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের জন্য আটলান্টিক পথটি বিশ্বের সবচেয়ে মারাত্মক পথগুলোর একটি। মূল ভূখণ্ড স্পেনের তুলনায় আফ্রিকার কাছাকাছি অবস্থিত এই দ্বীপপুঞ্জটিকে বেশিরভাগের কাছে মহাদেশীয় ইউরোপের দিকে যাওয়ার একটি পদক্ষেপ হিসেবে দেখা হয়।
গত কয়েক দশক ধরে অফ্রিকার এ অঞ্চলে সংঘাত, দারিদ্র্য এবং বেকারত্ব প্রকট আকার ধারণ করেছে। ফলে এসব এলাকার শত শত যুবক উন্নত জীবনের আশায় সমুদ্রপথে স্পেনে পাড়ি দেওয়ার চেষ্টা করেন।
এবারও এর ব্যতিক্রম হয়নি। এবারের অভিবাসীদের মধ্যে অনেকেই মালি, সেনেগাল, মৌরিতানিয়া এবং অন্যান্য পশ্চিম আফ্রিকান দেশের নাগরিক। বিদেশে আরও ভালো কাজের আশায় জীবনের ঝুঁকি নিয়েই ভয়ংকর এই পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন।
জাতিসংঘ সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বলেছে, ২০১৪ সাল থেকে ১৬ হাজার ৪০০ জনেরও বেশি অভিবাসী আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে মারা গেছে। এ পরিসংখ্যানে ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়া ব্যক্তিরাও রয়েছে।