জ্বালানির সংকট, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ এবং দক্ষিণ চীন সাগরের বিরোধ—বিভিন্ন সংকটের মধ্যে আজ রোববার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শুরু হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলন। ১৭ নভেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশ নেবেন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস সরবরাহে যে সংকট তৈরি হয়েছে, তার বড় প্রভাব পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের বিরোধও এ অঞ্চলের অর্থনীতিতে চাপ তৈরি করেছে। ফলে এবারের সম্মেলনে জ্বালানি নিরাপত্তা, বাণিজ্যিক সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।
১১টি দেশ নিয়ে গঠিত আসিয়ান একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট। সদস্যদেশগুলোর মধ্যে অভিন্ন বাজার প্রতিষ্ঠা করা এর অন্যতম লক্ষ্য। তবে সদস্যদেশগুলোর ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার ক্ষমতা নেই জোটটির।
আসিয়ানের সদস্যদেশগুলো হলো—ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পূর্ব তিমুর। এসব দেশের মোট জনসংখ্যা প্রায় ৬৯ কোটি ৪০ লাখ, যা বিশ্বের মোট জনসংখ্যার ৮ দশমিক ৪ শতাংশ। প্রতিবছর জোটটির একাধিক বৈঠক হয়। এবারের সম্মেলনটি চলতি বছরের শেষ সম্মেলন হতে পারে।
সম্মেলনে কারা থাকছেন
আসিয়ানের ১১ সদস্যদেশের নেতা ও প্রতিনিধিদের পাশাপাশি এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, ভারত, কানাডা, ব্রাজিল ও রাশিয়ার গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৭ নভেম্বর আসিয়ান নেতাদের সঙ্গে বিশেষ সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উত্তেজনার মধ্যেই তার এই সফর হচ্ছে। এ ছাড়া ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে একান্ত বৈঠক করবেন তিনি। এরপর ১৮ ও ১৯ নভেম্বর এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) সম্মেলনে যোগ দিতে চীন সফরে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সম্মেলনে যোগ দেবেন। ভারত আসিয়ানের সদস্য নয়। তবে জোটভুক্ত দেশগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সম্মেলনে বক্তব্য দেবেন। অন্যদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার এই সফর ফিলিপাইনে কোনো দায়িত্বে থাকা ব্রাজিলীয় প্রেসিডেন্টের প্রথম সফর। আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করবেন তিনি।
এ ছাড়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও সম্মেলনে অংশ নেবেন। জুলাইয়ে অনুষ্ঠিত রাশিয়া-আসিয়ান সম্মেলনের পর তার এই সফর হচ্ছে।
ইরান যুদ্ধের প্রভাব ও জ্বালানির সংকট
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। এতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো বড় ধরনের সংকটে পড়েছে। উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহের এই বিঘ্নে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ফিলিপাইন, ভিয়েতনাম ও মালয়েশিয়া। পরিস্থিতির কারণে গত মার্চে ফিলিপাইন জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করে।
মধ্যপ্রাচ্যে আসিয়ানের সদস্যদেশগুলোর লাখ লাখ নাগরিক বসবাস ও কাজ করেন। যুদ্ধের কারণে তাদের নিরাপত্তা ও উপার্জন হুমকির মুখে পড়েছে।
এদিকে সংঘাত আরো বিস্তৃত হয়ে মালাক্কা প্রণালি পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ রয়েছে এশিয়ার দেশগুলোর। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মাঝখানে অবস্থিত সরু এই সমুদ্রপথটি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধ ও বাণিজ্য
যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কারণেও আসিয়ানভুক্ত দেশগুলোর অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে আসিয়ানভুক্ত দেশগুলোর পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ১০ থেকে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত বেড়েছে।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে উদ্যোগী হয়েছে আসিয়ান। বাণিজ্যিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষার বিষয়টি এবারের সম্মেলনে গুরুত্ব পাবে।
দক্ষিণ চীন সাগরের বিরোধ
দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে কয়েক দশক ধরে বিরোধ চলছে। এতে জড়িত চীন, আসিয়ানের চার সদস্যদেশ—ব্রুনেই, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনাম—এবং তাইওয়ান। সমুদ্রের তলদেশে তেল ও গ্যাসের মজুত রয়েছে বলে ধারণা করা হয়। এ কারণে অঞ্চলটির কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব অনেক।
বিরোধপূর্ণ এলাকায় আগ্রাসী আচরণ নিরুৎসাহিত করা এবং বড় ধরনের সংঘাত ঠেকাতে ২০০৫ সালে চীনের সঙ্গে একটি ‘আচরণবিধি’ প্রণয়নের আলোচনা শুরু করে আসিয়ান। তবে বিভিন্ন সময়ে উত্তেজনা বেড়ে যাওয়ায় আলোচনা বারবার বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে ফিলিপাইন ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে।
২০২৩ সালে দুই পক্ষ আলোচনা দ্রুত শেষ করার বিষয়ে একমত হয়। চলতি বছরের মধ্যে আচরণবিধির চূড়ান্ত খসড়া প্রকাশের লক্ষ্যও নির্ধারণ করা হয়েছিল। এ বছর মালয়েশিয়ার নেতৃত্বে অন্তত ১০ দফা আলোচনা হয়েছে। সর্বশেষ দফার আলোচনা অনুষ্ঠিত হয় অক্টোবরে।
তবে বিশ্লেষকেরা মনে করছেন, এবারের সম্মেলনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। ফলে আলোচনা আগামী বছরও চলতে পারে।
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত বিরোধ
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ গত বছরের শেষ দিকে সশস্ত্র সংঘাতে রূপ নেয়। প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। পবিত্র ধর্মীয় স্থাপনার মালিকানা নিয়েও দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। এর মধ্যে প্রেহ ভিহিয়ার শিবমন্দির অন্যতম।
এসব সংঘর্ষে অন্তত ১৫০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসিয়ান সদস্যদেশগুলোর পাশাপাশি চীন ও যুক্তরাষ্ট্রও হস্তক্ষেপ করে। এর ফলে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়। গত ডিসেম্বর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বৃহত্তর সীমান্ত বিরোধের সমাধান হয়নি। এ অবস্থায় দুই দেশকে আরো আলোচনায় বসার আহ্বান জানাচ্ছে আসিয়ান। একই সঙ্গে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়ায় তৃতীয় পক্ষের পর্যবেক্ষকদের অংশগ্রহণের ওপরও জোর দিচ্ছে জোটটি।
মিয়ানমারের গৃহযুদ্ধ ও রোহিঙ্গা সংকট
মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ এবং এর প্রভাবে রোহিঙ্গা শরণার্থী সংকট আরো জটিল হয়েছে। দেশটিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে আসিয়ান। জোটটির আলোচ্যসূচিতে মিয়ানমার পরিস্থিতি দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করছে একাধিক বিদ্রোহী গোষ্ঠী। এসব গোষ্ঠীর মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীভিত্তিক সশস্ত্র সংগঠনও রয়েছে।
সহিংসতা ও মানবিক সংকট নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় আসিয়ানের গুরুত্বপূর্ণ সম্মেলনগুলোতে মিয়ানমারের অংশগ্রহণ সীমিত করা হয়েছে। দেশটির পক্ষ থেকে এখন কেবল অরাজনৈতিক প্রতিনিধিদের অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
২০২১ সালের এপ্রিলে মিয়ানমার সংকট সমাধানে পাঁচ দফা শান্তি পরিকল্পনা গ্রহণ করেছিল আসিয়ান। এতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ এবং মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ বাড়ানোর কথা বলা হয়েছিল। তবে এই পরিকল্পনা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি।
ইন্দোনেশিয়ার দাবানলে সীমান্ত পেরিয়ে ধোঁয়া
ইন্দোনেশিয়ায় খরার কারণে সৃষ্ট দাবানলও আসিয়ানের জন্য বড় উদ্বেগের বিষয়। কয়েক মাস ধরে চলা এসব দাবানলে দেশটির আনুমানিক ২৮ লাখ ৮০ হাজার হেক্টর (৭১ লাখ ২০ হাজার একর) জমি পুড়ে গেছে। এসব দাবানলের ঘটনায় অন্তত ৩ হাজার ৫০০ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দাবানলের ধোঁয়ায় শুধু ইন্দোনেশিয়ার বাসিন্দারাই ক্ষতিগ্রস্ত হননি। প্রতিবেশী মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও পূর্ব তিমুরের মানুষের জীবনেও এর মারাত্মক প্রভাব পড়েছে।
দাবানল মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে না পারায় ইন্দোনেশিয়ার সরকারের সমালোচনা হয়েছে। তবে সরকার নিজেদের পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের দাবি, আগুন নিয়ন্ত্রণে হাজার হাজার কর্মী ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।
এএম