হোম > বিশ্ব

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত ২৪ জুন শক্তিশালী জোড়া ভূমিকম্পে এ পর্যন্ত মৃত বেড়ে প্রায় ৩ হাজারে পৌঁছেছে।

শনিবার দেশটির সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ২ হাজার ৯৫৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছে। বহু মানুষ বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে বা আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছে।

ভয়াবহ এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল। সেখানে অসংখ্য আবাসিক ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

৭.২ ও ৭.৫ মাত্রার দুই ভূমিকম্পের ১০ দিন পর আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপে জীবিত মানুষের সন্ধান কার্যক্রম গুটিয়ে আনতে শুরু করেছে। তবে অনেক পরিবার এখনো স্বজনদের লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের মতো দুর্যোগে জীবিত উদ্ধার করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় প্রথম ৭২ ঘণ্টা। যদিও চলতি সপ্তাহেও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অভিযান শেষ হওয়ার ইঙ্গিত হিসেবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলোর সদস্যদের সম্মাননা পদক প্রদান করেন। এ সময় উদ্ধারকাজে ব্যবহৃত কয়েকটি কুকুরকেও সম্মাননা দেওয়া হয়।

তিনি বলেন, ‘ভেনেজুয়েলা গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছে। অনেক পরিবার এখনো প্রিয়জনকে জীবিত ফিরে পাওয়ার আশা ছাড়েনি। আবার অনেকেই সবকিছু হারিয়েছে।’

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক উদ্ধারকারী দল শনিবার তাদের কার্যক্রম শেষ করার প্রস্তুতি নেয়। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার বিভাগের উদ্ধারকারী দল জানায়, সর্বশেষ অনুসন্ধানে আর কোনো জীবিত মানুষের সন্ধান না পাওয়ায় তারা অভিযান সমাপ্ত করছে। একইভাবে ফ্লোরিডা ও ভার্জিনিয়ার দলও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে।

এদিকে অনেক ভেনেজুয়েলাবাসী অভিযোগ করেছেন, দুর্যোগের পর সরকারের তৎপরতা ছিল ধীরগতির।

তাদের দাবি, আন্তর্জাতিক উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই পরিবারগুলো নিজেদের উদ্যোগে ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের উদ্ধারের চেষ্টা করেছে।

তবে প্রেসিডেন্ট রদ্রিগেজ সরকারের অবস্থান তুলে ধরে বলেন, হাজার হাজার সেনাসদস্য ও সরকারি কর্মকর্তাকে দ্রুত উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত করা হয়েছিল।

লা গুয়াইরায় শনিবার ভারী যন্ত্রপাতি দিয়ে ঝুঁকিপূর্ণ ধসে পড়া ভবন অপসারণ শুরু হয়েছে। অন্যদিকে অনেক পরিবার এখনও ধ্বংসস্তূপ থেকে স্বজনদের মরদেহ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করার চেষ্টা করছে।

স্বেচ্ছাসেবী ফ্রান্সিসকো সাসকিয়া বলেন, ‘আমরা এখনও লাশ খুঁজে বের করার কাজ চালিয়ে যাচ্ছি। কাজটি খুব কঠিন। আজ আমরা দুটি লাশ উদ্ধার করেছি, যা তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ভূমিকম্পে ১৬ হাজারের বেশি মানুষ তাদের বাড়িঘর হারিয়েছেন। হাসপাতালগুলোও রোগীর চাপে হিমশিম খাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত ব্যবস্থা না নিলে বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

অর্থনৈতিক ক্ষয়ক্ষতি

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই জোড়া ভূমিকম্পে প্রায় ৬৭০ কোটি মার্কিন ডলারের ভৌত ক্ষয়ক্ষতি হয়েছে। তেল রপ্তানিকারক দেশ ভেনিজুয়েলার জন্য এই অঙ্ক তাদের জিডিপির শতকরা ৬ ভাগের সমান। এই দুর্যোগের আগে থেকেই দেশটিতে কয়েক দশক ধরে অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতা চলছিল, যা তাদের অবকাঠামো ও স্বাস্থ্য পরিষেবাকে দুর্বল করে রেখেছিল।

ভূমিকম্পে কারাকাসের প্রধান বিমানবন্দর ‘মাইকুয়েতিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবিক সহায়তার বিমান নামার জন্য এটি আংশিক খোলা হলেও বাণিজ্যিক ফ্লাইট এখনও স্থগিত রয়েছে।

রদ্রিগেজ জানিয়েছেন, বিমানবন্দরটি সংস্কারের জন্য আন্তর্জাতিক সহযোগীদের সাথে যোগাযোগ চলছে এবং আগামী সপ্তাহে এর পরিকল্পনা চূড়ান্ত হবে।

সূত্র: এএফপি

এএম

বিশ্ববাজারের সঙ্গে দেশেও স্বর্ণের দামে বড় পতন, রহস্য কী

মোদি সরকারের সমালোচকদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে ভাঙচুর

নড়াইল নিয়ে আ.লীগের প্রপাগান্ডায় সুর মেলাচ্ছে ভারতীয় গণমাধ্যম ও পশ্চিমবঙ্গের লেখকরা

ফিলিস্তিনে তিন গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা, ১২ গাড়িতে আগুন

‘দৈত্যকে বোতলে ফেরানোর সময় ফুরিয়ে আসছে’, স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে রেড ক্রসের সতর্কতা

নিজ দেশের সরকারের বিরোধিতা, ফিলিস্তিনিদের পক্ষে সরব ইসরাইলি মানবাধিকার সংস্থা

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার দুই বছর, এবার ফেঁসে যেতে পারেন নেতানিয়াহু

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বার্লিনে বিক্ষোভ

ধর্মীয় পরিচয়ে মুসলিমদের বহিষ্কারের অভিযোগ, ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার আহ্বান

ড্রোন-ক্ষেপণাস্ত্র ও এআইনির্ভর যুদ্ধ ঠেকানোর পথ কী