হোম > বিশ্ব

অভিযোগকারীরা অভিযোগ করেছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দূষণ এবং জলবায়ু ঝুঁকি বিশ্বের ঐতিহ্যবাহী স্থান সুন্দরবনকে হুমকির মুখে ফেলেছে।

রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন, যুক্তরাজ্যের ব্যাংকের বিরুদ্ধে মামলা

আমার দেশ অনলাইন

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের কাছে নির্মিত রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে আর্থিক সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় ব্যাংক বার্কলেসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, প্রকল্পটির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার আগে পরিবেশ ও মানবাধিকারের ঝুঁকি যথাযথভাবে যাচাই করেনি ব্যাংকটি।

বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলের তিন ব্যক্তি ও সংগঠন যুক্তরাজ্য সরকারের অফিস ফর রেস্পন্সিবল বিজনেস কন্ডাক্টে এ মামলা বরেছেন। যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এই দপ্তর অভিযোগটি তদন্তের জন্য গ্রহণ করবে কি না, তা পর্যালোচনা করবে।

অভিযোগে বলা হয়েছে, রামপাল বিদ্যুৎকেন্দ্র নামে পরিচিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঋণ ও বন্ড ইস্যুতে আন্ডাররাইটিং সেবা দিয়েছে বার্কলেস। এভাবে ব্যাংকটি আন্তর্জাতিক দায়িত্বশীল ব্যবসা পরিচালনার নির্দেশনা লঙ্ঘন করেছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

ঢাকাভিত্তিক পরিবেশকর্মী শরীফ জামিল অভিযোগকারীদের একজন। তার ভাষ্য, রামপাল বিদ্যুৎকেন্দ্র ও এর আশপাশের শিল্পকারখানা থেকে ভারী ধাতুর দূষণ সুন্দরবনের আন্তঃসংযুক্ত নদী ও খালগুলোর মাধ্যমে বনে প্রবেশ করছে। তিনি বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের প্রাণরেখা পশুর নদীর তীরে অবস্থিত। সুন্দরবনের স্বাস্থ্য এখন হুমকির মুখে।

গত নভেম্বরে প্রকাশিত একটি গবেষণায় সুন্দরবনের বিভিন্ন স্থানের পানিতে পারদ ও আর্সেনিকের মাত্রা বেড়ে যাওয়ার তথ্য পাওয়া যায়। সবচেয়ে বেশি ঘনত্ব পাওয়া যায় পশুর নদীতে। গবেষকেরা শিল্পবর্জ্য ও বন্দরকেন্দ্রিক কর্মকাণ্ডকে ভারী ধাতু দূষণের অন্যতম উৎস হিসেবে চিহ্নিত করেন। কয়লা পোড়ানোর ফলে নির্গমন এবং নৌযান চলাচল বৃদ্ধির কারণে রামপাল বিদ্যুৎকেন্দ্রকে সুন্দরবনের জন্য ‘উল্লেখযোগ্য পরিবেশগত হুমকি’ বলেও উল্লেখ করা হয়।

সুন্দরবন বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলের লাখো মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত। নদী ও বন থেকে খাদ্যসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ সংগ্রহের ওপর নির্ভরশীল এসব মানুষের পাশাপাশি সুন্দরবন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই বনভূমিতে রয়েছে শতাধিক দ্বীপ এবং বেঙ্গল টাইগারসহ অসংখ্য উদ্ভিদ ও প্রাণী।

অভিযোগকারীদের আরো দাবি, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নির্গমন বৈশ্বিক উষ্ণায়ন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও চরম আবহাওয়ার ঝুঁকি বাড়াবে। জলবায়ু পরিবর্তনের কারণে এমনিতেই ঝুঁকিপূর্ণ এই অঞ্চলে ম্যানগ্রোভ বন ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে।

বার্কলেসের আর্থিক সংশ্লিষ্টতার অভিযোগ

অভিযোগকারীদের সহায়তাকারী কিংস লিগ্যাল ক্লিনিক জানিয়েছে, বার্কলেস ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন এনটিপিসি লিমিটেড-এর ঋণ আন্ডাররাইট করেছে। প্রতিষ্ঠানটি রামপাল বিদ্যুৎকেন্দ্রের যৌথ অংশীদারদের একটি।

শরীফ জামিল বলেন, আন্তর্জাতিকভাবে পরিচিত একটি প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্তের প্রভাব বিবেচনা করার দায়িত্বও রয়েছে। তার মতে, অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যখন প্রকল্পটি থেকে সরে গেছে বা অর্থায়ন প্রত্যাখ্যান করেছে, তখন বার্কলেসসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানেরও নিজেদের নীতি পুনর্বিবেচনা করা উচিত।

তিনি জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সারা বছর সূর্যালোক পাওয়া যায় এমন বাংলাদেশে বিপুল সৌরবিদ্যুৎ সম্ভাবনা রয়েছে। তাই আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দেওয়া উচিত।

ক্লিনিকের আইনজীবী সু উইলম্যান বলেন, সুন্দরবনের গ্রামীণ জনগোষ্ঠী জলবায়ু ও প্রকৃতির সংকটের সম্মুখসারিতে রয়েছে। এই সংকটে অবদান রাখে এমন তেল ও কয়লা প্রকল্পে অর্থায়নের আগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করানোই তাদের লক্ষ্য।

এদিকে বার্কলেস ব্যাংক এবং মৈত্রী প্রকল্পের হোল্ডিং কোম্পানি বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিফপিক) অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান

এআরবি

বিশ্বের শীর্ষ ১০০ প্রতিরক্ষা কোম্পানিতে কোন দেশের কত প্রতিষ্ঠান

ইরানে মার্কিন হামলায় নিহত বেড়ে ১৯

বারবার যুদ্ধবিরতি, আবারো যুদ্ধ—যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের ৬ মাসের ঘটনাপ্রবাহ

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় শেয়ার বাজারে ধস, বাড়ছে বন্ড বিক্রি

ইসরাইলের সঙ্গে ৩৬০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি করছে গ্রিস

লাশ উদ্ধার থেকে ত্রাণ পৌঁছানো—নেপালের দুর্গম পাহাড়ে ‘ত্রাতা’ ড্রোন

ডুবেছে কলকাতা, বড় বিপদের পূর্বাভাস

জাপানে এক বছরে ১৪ হাজারের বেশি ভালুক নিধন

বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলাকে যুদ্ধাপরাধ বলল ইরান

দুই লাখ বাংলাদেশি নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া