ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভের পর মঙ্গলবার রাতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। আকাশবাণী ভবনের সামনে বিক্ষোভ চলাকালীন তাদের হেফাজতে নেওয়া হয়।
রাহুল ও প্রিয়াঙ্কা ছাড়াও এ সময় কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে পুলিশ আটক করে। মূলত ভোটার তালিকা সংশোধনের একটি বিশেষ কার্যক্রম নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো। এরই অংশ হিসেবে ‘ইন্ডিয়া’ জোটের নেতারা নির্বাচন সদনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের পথ আটকে দেয়। এর প্রতিবাদেই আকাশবাণী ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কংগ্রেস নেতারা।
বিক্ষোভ চলাকালে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, সরকার নির্বাচনি প্রক্রিয়াকে ধ্বংস করে দিচ্ছে। কংগ্রেস নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করার সুযোগ না পাওয়া পর্যন্ত এবং তাদের দাবি মানা না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না।
এর আগে মঙ্গলবার দুপুরে মিছিল এগোতে না দেওয়ার পর পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করে তাদের পুলিশ বাসে তোলা হয়। তবে পরে তারা বের হয়ে নির্বাচন কমিশন সদর দপ্তরের পাশে অবস্থিত আকাশবাণী ভবনে প্রবেশ করেন। শেখ খবর পাওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিলেন।
সূত্র: এনডিটিভি