ভিডিও ধারণ করতে ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায় একটি পুরনো পানির ট্যাংকিতে উঠেছিলেন পাঁচ কিশোর। তবে ভিডিও করলেও বিপত্তি বাধে নামতে গিয়ে। কিশোরদের মধ্যে দু’জন আটকে পড়েন। দীর্ঘ সময় আটকে থাকার পর কিশোরদের উদ্ধার করে দেশটির বিমানবাহিনী।
সামাজিকমাধ্যমে পোস্ট করার জন্য একটি ভিডিও চিত্রায়ণের উদ্দেশ্যে পাঁচজন কিশোর পানির ট্যাংকিতে ওঠে। ভিডিও ধারণ শেষে নামার চেষ্টা করলে ট্যাঙ্কের মই ভেঙে যায়, যার ফলে তাদের মধ্যে তিনজন নিচে পড়ে যায়। তাদের মধ্যে একজন মারা যায় এবং অন্য দুজন আহত হয়। বাকি দুজন উপরে আটকা পড়ে।
কর্তৃপক্ষ প্রথমে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) যানবাহনগুলোকে ঘটনাস্থলে পৌঁছানোর সুযোগ করে দিতে একটি বিকল্প রাস্তা তৈরির চেষ্টা করে। কিন্তু, রাতে বৃষ্টি শুরু হওয়ায় কাজে ব্যাঘাত ঘটে। এরপর একটি সামরিক হেলিকপ্টারের সাহায্য চাওয়া হয়।
রাজ্য কর্তৃপক্ষের অনুরোধে সেন্ট্রাল এয়ার কমান্ড থেকে ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার পাঠানো হয়। প্রায় ১৫ মিনিটের একটি সংক্ষিপ্ত অভিযানে আটকাপড়া কিশোরদের করে গোরখপুরে নিয়ে যাওয়া হয়।
সূত্র: এনডিটিভি
আরএ