বিশ্বজুড়ে প্রায় ১০ হাজার চরম আবহাওয়াজনিত ঘটনায় গত ৩০ বছরে ৯ লাখ ১৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সরাসরি অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ ৭০ হাজার কোটি ডলার। জার্মানভিত্তিক জলবায়ু গবেষণা ও উন্নয়ন সংস্থা জার্মানওয়াচের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ ‘ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৭’ (সিআরআই ২০২৭) প্রকাশ করে সংস্থাটি। এতে ১৯৯৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে চরম আবহাওয়ার প্রভাব ও ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে।
৩০ বছরের হিসাবে চরম আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডমিনিকা, মিয়ানমার ও হন্ডুরাস। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি দেশের মধ্যে নয়টিই মধ্যম আয়ের অর্থনীতির দেশ। তালিকায় একমাত্র উচ্চ আয়ের দেশ হিসেবে রয়েছে বাহামাস।
শুধু ২০২৫ সালেই বিশ্বজুড়ে ৩৬৭টি চরম আবহাওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রায় ৩৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০ কোটির বেশি মানুষ। এ সময়ে সরাসরি অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ১৫ হাজার ৮০০ কোটি ডলারেরও বেশি। ওই বছর সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে জ্যামাইকা, শ্রীলঙ্কা ও স্পেন।
২০২৫ সালে চরম আবহাওয়াজনিত মৃত্যুর প্রধান কারণ ছিল তাপপ্রবাহ। এতে ২৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা ওই বছর এসব ঘটনায় মোট প্রাণহানির প্রায় ৭০ শতাংশ। তবে সাব-সাহারান আফ্রিকার মতো অঞ্চলে তাপপ্রবাহে মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক ক্ষেত্রেই নথিভুক্ত হয় না বলে জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে, অর্থনৈতিক ক্ষতির দিক থেকে সবচেয়ে ভয়াবহ ছিল ঝড়। ২০২৫ সালে ঝড়ের কারণে সরাসরি ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৬৪৮০ কোটি ডলার। আর ১৯৯৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৩০ বছরে চরম আবহাওয়ায় মোট অর্থনৈতিক ক্ষতির ৫৮ শতাংশের জন্য দায়ী ছিল ঝড়।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিষ্ক্রিয়তার মূল্য ক্রমেই বাড়ছে। এর প্রভাব শুধু মানুষের জীবনহানিতেই সীমাবদ্ধ নয়, অর্থনীতিতেও তৈরি হচ্ছে বিপুল ক্ষতি। সংস্থাটির ভাষ্য, চরম আবহাওয়ার মানবিক ও অর্থনৈতিক পরিণতি দিন দিন আরও গুরুতর হয়ে উঠছে।
এ অবস্থায় কপ৩১ সম্মেলন থেকে জলবায়ু অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিষয়ে উচ্চাভিলাষী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জার্মানওয়াচ। একই সঙ্গে বড় নিঃসরণকারী দেশ ও জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলোকে জলবায়ু মোকাবিলায় আর্থিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।