শর্ত সাপেক্ষে ইরানের জব্দ করা সম্পদ ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, ইরানের সঙ্গে হতে যাওয়া চুক্তিটি প্রতিশ্রুতি পূরণের বিনিময়ে অর্থ প্রদান এবং পারস্পরিক বাধ্যবাধকতার নীতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে ওই কর্মকর্তা বলেন, চুক্তি অনুযায়ী নিজেদের প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত ইরান জব্দকৃত সম্পদ বা অন্য কোনো সুবিধা পাবে না।
ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা এই চুক্তিকে আলোচনার একটি পথ হিসেবে দেখছেন, যা শেষ পর্যন্ত ইরানের পারমাণবিক কর্মসূচিকে শেষ করে দিতে পারে।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একজন কূটনীতিক ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, প্রস্তাবিত ৬০ দিনের এই আলোচনার সময়কাল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো, হরমুজ প্রণালি পুনরায় খোলা এবং পারমাণবিক আলোচনার জন্য পরিস্থিতি তৈরি করার মাধ্যমে উভয় পক্ষকেই সুবিধা দেবে।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ