হোম > বিশ্ব

ওয়াশিংটনে সৌদি–মার্কিন বিনিয়োগ ফোরাম শুরু ১৯ নভেম্বর

মার্কিন সফরে মোহাম্মদ বিন সালমান

আতিকুর রহমান নগরী

১৩ মে, ২০২৫ তারিখে রিয়াদে দ্বিপাক্ষিক বৈঠকের সময় চুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান করতালি দিচ্ছেন। (ফাইল ছবি: এএফপি)

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে আগামী ১৯ নভেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি সৌদি–মার্কিন বিনিয়োগ ফোরাম।

হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে আল আরাবিয়া ইংলিশ জানিয়েছে, এই বিনিয়োগ সম্মেলনের একদিন আগে ১৮ নভেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে সাক্ষাৎ করবেন সৌদি ক্রাউন প্রিন্স।

ফোরামটি জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস–এ অনুষ্ঠিত হবে। এটি যৌথভাবে আয়োজন করছে সৌদি বিনিয়োগ মন্ত্রণালয় এবং ইউএস–সৌদি বিজনেস কাউন্সিল, যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

যদিও দুই নেতা ফোরামে উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে, এখনো তাঁদের কারও অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি এবং এটি এমবিএসের সরকারি কর্মসূচির অংশ হিসেবেও তালিকাভুক্ত নয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সম্পর্ক আরও গভীর করার ইঙ্গিত

এই সম্মেলনটি সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত, অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্কের প্রতিফলন।

সফর ও ফোরামটি দুই দেশের মধ্যে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো, অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

চলতি বছরের জানুয়ারিতে ক্রাউন প্রিন্স ঘোষণা দেন, আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে সৌদি আরবের, যা পরবর্তীতে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত হতে পারে।

এই বিনিয়োগ ফোরামটি উভয় দেশের জন্যই একটি নতুন কৌশলগত অংশীদারিত্ব প্রদর্শনের মঞ্চ হিসেবে কাজ করবে।

সৌদি আরবের জন্য এটি নতুন মূলধন এবং প্রযুক্তি স্থানান্তরের সুযোগ সৃষ্টি করবে, যা শিল্পের স্থানীয়করণ ও অর্থনীতির বৈচিত্র্য আনতে সহায়তা করবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জন্য এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে উপসাগরীয় সম্পর্ক পুনরুজ্জীবনের একটি প্রতীক, যেখানে সৌদি আরবকে উদ্ভাবন, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার মূল কৌশলগত অংশীদার হিসেবে দেখা হচ্ছে।

এসআর

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির