পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে বিজেপি। প্রাথমিক ফলাফল অনুযায়ী, ঘাসফুল ও পদ্ম শিবিরের মধ্যে অনেক স্থানে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যাচ্ছে। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক পারদ। আশা করা হচ্ছে, দুপুরের মধ্যেই বাংলার মসনদে কে বসছেন, সেই ছবিটা অনেকটা স্পষ্ট হয়ে যাবে।
বাংলাদেশ সময় বেলা ১২ টা ৩০ মিনিটের মধ্যে গণনায় দেখা যায়, ২৯৪ আসনের মধ্যে বিজেপি ১৮৩টি আসনে এগিয়ে রয়েছে। আর তৃণমূল কংগ্রেস ১০২টি আসনে এগিয়ে।
টানা ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে হাতিয়ার করেছে বিজেপি। বিশেষ করে আরজি করের ঘটনা এবং কসবা ল কলেজের মতো নারী নির্যাতন সংক্রান্ত ঘটনাগুলো শাসক দলের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে।
অন্যদিকে, ১৫ বছরের শাসনকাল শেষেও তৃণমূলের মূল শক্তি তাদের মজবুত সাংগঠনিক ভিত্তি এবং জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প। গ্রামীণ বাংলায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ব্যাপক সাফল্য এবং সংখ্যালঘু ভোটব্যাংকের সংহতি মমতার দলের বড় ভরসা।
এখন প্রশ্ন একটাই মমতা বন্দ্যোপাধ্যায় কি তার হ্যাটট্রিক পরবর্তী আধিপত্য বজায় রাখতে পারবেন, নাকি বাংলার ক্ষমতায় আসবে নতুন সরকার।
সূত্র: আনন্দবাজার/দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
আরএ