ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৫ টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্ডে শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
প্রথম ভূমিকম্পের আধা ঘণ্টার মধ্যে তিনটি আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৯, ৫ দশমিক ৬ ও ৬ দশমিক ১।
প্রেস বিবৃতিতে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থা বিএনপিবি জানিয়েছে, মাউমেরে বন্দরে একজন পুরুষ ও একজন নারীসহ দুইজন নিহত এবং আরো একজন আহত হয়েছেন।
ভূমিকম্পের পর স্থানীয় গণমাধ্যমের ফুটেজে বন্দরসহ বিভিন্ন ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে এবং মাউমেরে অঞ্চলের আশেপাশের এলাকাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের সৈকত ও নদীর তীর থেকে দূরে থেকে উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: আল জাজিরা
আরএ