গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়াতে একটি নতুন নিরাপত্তা চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড । জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় গ্রিনল্যান্ডের পিতুফিক স্পেস বেস আধুনিকায়ন ও সম্প্রসারণের পাশাপাশি নারসারসুয়াক ও মেস্টারসভিগে নতুন মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ রাখা হয়েছে। গ্রিনল্যান্ডের আকাশসীমা ও আঞ্চলিক জলসীমায় মার্কিন বিমান চলাচল এবং সমুদ্রতলে প্রবেশাধিকারের ব্যবস্থাও থাকবে।
চুক্তি অনুযায়ী, ন্যাটোর বাইরের কোনো দেশ ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সর্বসম্মত অনুমোদন ছাড়া গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি স্থাপন করতে পারবে না।
মাসব্যাপী উত্তেজনা ও গ্রিনল্যান্ড দখলের হুমকির পর এ চুক্তি হলো। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন একে দীর্ঘস্থায়ী চুক্তি হিসেবে উল্লেখ করেছেন। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স-ফ্রেডেরিক নিলসেনও চুক্তিটিকে ‘উভয় পক্ষের জন্য জয়’ বলে অভিহিত করেছেন।
ন্যাটো মহাসচিব মার্ক রুটে ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা চুক্তিটিকে স্বাগত জানিয়ে একে আর্কটিক নিরাপত্তা ও আন্তঃআটলান্টিক সহযোগিতার জন্য ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।
সূত্র: আল জাজিরা
আরএ