দেশজুড়ে আবাসন ও ভাড়া নিয়ে চলমান বিক্ষোভের মধ্যে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ২৯ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৭ সালের গ্রীষ্মে নিয়মিত নির্বাচন হওয়ার কথা ছিল। খবর আনাদোলুর।
ভাড়াটেদের অধিকার ও সুরক্ষা বাড়ানোর দাবিতে গত এক সপ্তাহ ধরে স্পেনের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। শনিবার রাজধানী মাদ্রিদ, বার্সেলোনা ও ভ্যালেন্সিয়াসহ অন্তত ৫০টি শহরে একই দাবিতে মানুষ রাস্তায় নামে।
একজন ৮৭ বছর বয়সী নারীকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে এই আন্দোলন জোরালো হয়। বাড়িভাড়া নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত বাড়ির মালিকের পক্ষে রায় দেন। এতে ওই নারীর মাসিক ভাড়া ৫০০ ইউরো থেকে বাড়িয়ে ২ হাজার ৬৫০ ইউরো করার অনুমোদন দেওয়া হয়। পরে ভাড়ার পরিমাণ কমিয়ে ১ হাজার ৬৫০ ইউরো করা হলেও সেটি ওই নারীর নিয়মিত পেনশনের চেয়ে ৩০০ ইউরো বেশি।
পরিস্থিতি সামাল দিতে সানচেজের বামপন্থি সরকার শুক্রবার জরুরি ভিত্তিতে পার্লামেন্টে দুটি আইন পাসের উদ্যোগ নেয়। প্রস্তাবিত আইনে আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ ভাড়াটেদের ২০৩০ সাল পর্যন্ত উচ্ছেদ না করার বিধান রাখা হয়েছিল।
এ ছাড়া পর্যটকদের জন্য ব্যবহৃত অ্যাপার্টমেন্টের ওপর অতিরিক্ত কর আরোপ এবং আবাসিক ভাড়ার চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়নের ব্যবস্থাও প্রস্তাব করা হয়।
তবে পার্লামেন্টে ভোটাভুটির সময় প্রস্তাবিত দুটি আইনই অনুমোদন পায়নি। এর পরই আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রধানমন্ত্রী সানচেজ।
এমএমআর