প্রথমবারের মতো উন্নত ড্রোন হামলা মোকাবিলায় ২০ ধরনের প্রতিরোধব্যবস্থার কার্যকারিতা যাচাইয়ে যৌথ পরীক্ষা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
‘ব্ল্যাক স্যান্ডস’ নামের এ কর্মসূচিতে দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা গবেষণা সংস্থার পাশাপাশি বেসরকারি নিরাপত্তা ও প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নেয়। পরীক্ষায় আধুনিক চালকবিহীন আকাশযানের (ইউএভি) হুমকি মোকাবিলায় বিভিন্ন প্রযুক্তি ও প্রতিরোধব্যবস্থার সক্ষমতা যাচাই করা হয়।
ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুই দেশের সামরিক বাহিনীর সরাসরি সহযোগিতায় বাস্তব যুদ্ধ পরিস্থিতির আদলে এসব পরীক্ষা পরিচালিত হয়েছে। এর লক্ষ্য হলো উন্নত ড্রোন হামলা প্রতিহত করার সক্ষমতা বাড়ানো এবং নতুন প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা।
মন্ত্রণালয় বলেছে, প্রতিরক্ষা প্রযুক্তিতে ইসরাইলের কৌশলগত শ্রেষ্ঠত্ব বজায় রাখা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবেই ‘ব্ল্যাক স্যান্ডস’ কর্মসূচি পরিচালিত হচ্ছে। তবে পরীক্ষাগুলো ঠিক কবে অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট
আরএ