হোম > বিশ্ব

জোট সরকারের পথে জাপান, প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

জাপানের ক্ষমতাসীন দল ও প্রধান বিরোধী দল একসঙ্গে জোট সরকার গঠন করতে যাচ্ছে। এতে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সানায়ে তাকাইচির জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে।

জাপানের কিয়োদো সংবাদ সংস্থা রোববার জানিয়েছে, সোমবার (আজ) জোট সরকার গঠনের চুক্তি চূড়ান্ত হতে পারে। রক্ষণশীল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা সানায়ে তাকাইচি ও ডানপন্থি ছোট দল জাপান ইনোভেশন পার্টির (জেআইপি) প্রধান হিরোফুমি ইয়োশিমুরা চুক্তিতে স্বাক্ষর করবেন।

চলতি মাসের শুরুতে ক্ষমতাসীন এলডিপি নেতা নির্বাচিত হন তাকাইচি। কিন্তু তার নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে যাওয়ায় প্রধানমন্ত্রী হতে পারেননি তাকাইচি। তখন থেকে নতুন জোট গঠনের চেষ্টা করে আসছে এলডিপি। ফলে তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আবারও জোরদার হয়েছে। তাকাইচিকে জোট গঠনের দায়িত্ব দিয়েছে তার দল।

কিয়োদো জানিয়েছে, রোববার ওসাকায় নির্বাহী বোর্ডের বৈঠক করেছে জেআইপি। দলটি আজ পার্লামেন্ট সদস্যদের পূর্ণাঙ্গ সভায় এলডিপির সঙ্গে চুক্তির চূড়ান্ত অনুমোদন দেবে।

জাপানের শীর্ষস্থানীয় দৈনিক ইয়োমিউরি শিমবুন জানিয়েছে, সোমবার আলোচনার পর জোট সরকার গঠনের চুক্তিতে স্বাক্ষর করতে পারেন তাকাইচি ও ইয়োশিমুরা।

জেআইপি নেতা ফুমিতাকে ফুজিতা এলডিপির সঙ্গে চুক্তির সম্ভাবনা প্রসঙ্গে গত শুক্রবার জানান, দুদলের মধ্যে জোটের আলোচনায় ‘বড় অগ্রগতি’হয়েছে।

দুদলের আনুষ্ঠানিকভাবে জোট গঠিত হলে কাল মঙ্গলবার প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি। যদিও প্রধানমন্ত্রী হতে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য দুদলের জোট হওয়ার পরও আরো দুটি আসনের ঘাটতি থাকবে। তবে দ্বিতীয় দফায় ভোট হলে প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকাইচিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বেশিসংখ্যক সংসদ সদস্যের সমর্থন পেতে হবে।

সম্প্রতি এলডিপির দীর্ঘদিনের অংশীদল কোমেইতো ২৬ বছর পর ক্ষমতাসীন জোট ত্যাগ করার পর রাজনৈতিক সংকটে পড়ে জাপান। এরপর থেকেই দেশটিতে নতুন জোট সরকার গঠনের আলোচনা শুরু হয়।

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন