হোম > বিশ্ব

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ২৮

এএফপি

ছবি: রয়টার্স

ইউক্রেনের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। চেরনিহিভ প্রদেশের প্রিলুকি জেলায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলায় নিহত হয়েছেন ২০ জন।

বুধবার ভোরে প্রিলুকির ওই অ্যাপার্টমেন্ট ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ঘুমন্ত অবস্থায় নিহত হয় পাঁচ শিশু। শক্তিশালী বিস্ফোরণে পাঁচতলা ভবনটির জানালার কাচ চূর্ণ হয়ে যায়। ভবনটির অর্ধেক অংশ পুড়ে যাওয়া কংক্রিট ও দুমড়েমুচড়ে যাওয়া ধাতব কাঠামোর স্তূপে পরিণত হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, নিহত শিশুদের মধ্যে তিনজনের বয়স মাত্র ১২ মাস। আরেকজনের বয়স আট বছর।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

জেলেনস্কি জানান, হামলায় আহত ব্যক্তিদের মধ্যে সাত শিশু রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে বেসামরিক শহর ও সাধারণ মানুষের জীবনকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ করেছেন তিনি।

জেলেনস্কি বলেন, ইউক্রেনের মানুষ ও শিশুদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রের অব্যাহত ব্যবহার সন্ত্রাস সৃষ্টির একটি সুপরিকল্পিত পদক্ষেপ।

প্রিলুকির বাসিন্দা ও ম্যাসাজ থেরাপিস্ট ৪০ বছর বয়সী ওলেনা সায়ুন এএফপিকে বলেন, ‘আমরা বাড়িতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ বিস্ফোরণে আমাদের জানালার কাচ উড়ে যায়। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমরা নিজেদের শরীর দিয়ে আমাদের সন্তানকে আগলে রেখেছিলাম। আমার স্বামীর পিঠে এবং আমার শরীরেও কিছু কাটাছেঁড়া হয়েছে।’

তিনি বলেন, হামলার সময় তাঁর সন্তান প্রচণ্ড মানসিক আঘাত পায় এবং খুব ভয় পেয়ে যায়। তারা দ্রুত বাথরুমে ছুটে যান। অ্যাপার্টমেন্টের সবকিছু তছনছ হয়ে যাওয়ার সময় তারা সেখানেই ছিলেন।

প্রিলুকির বাসিন্দারা জানান, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে সেখানে হামলা শুরু হয়। এর আগে মঙ্গলবার জেলেনস্কি রাশিয়ার পক্ষ থেকে একটি ‘ব্যাপক’ হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার আশঙ্কার কথাও তিনি জানিয়েছিলেন।

শীতকাল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কিয়েভে হামলার মাত্রা বেড়েছে। প্রায় অবিরাম বিমান হামলার সতর্কসংকেত (সাইরেন) বাজছে। আতঙ্কিত বাসিন্দারা ব্যাগ, শোয়ার মাদুর ও কম্বল নিয়ে রাত কাটাতে সাবওয়ে স্টেশনগুলোতে আশ্রয় নিচ্ছেন।

ব্যাংক কর্মকর্তা ইরিনা রিবালচেঙ্কো এএফপিকে বলেন, ‘আমরা আমাদের জিনিসপত্র নিয়ে এখানে চলে এসেছি।’ কিয়েভ শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে জানিয়ে তিনি বলেন, কর্মস্থলে আটকা পড়া অবস্থায় তাঁদের গ্রুপের চ্যাট ও বসেরা সতর্ক থাকার বার্তা পাঠাচ্ছিলেন।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, বুধবার দিনিপ্রোপেত্রোভস্ক, কিয়েভ, খারকিভ ও পোলতাভাসহ বিভিন্ন অঞ্চলে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র ও ১৩০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া।

জেলেনস্কি এই হামলাকে প্রায় পাঁচ বছর ধরে চলা সংঘাতের অন্যতম ‘ঘৃণ্য হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা সম্ভব হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ’। নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

প্রিলুকিতে ক্ষতিগ্রস্ত ভবনটির কাছেই থাকেন অনলাইন মার্কেটিংয়ে কর্মরত ৩১ বছর বয়সি ইউলিয়া শামরাই। তিনি বলেন, ‘এই হামলার মধ্য দিয়ে রাশিয়ার কোন সামরিক লক্ষ্য পূরণ হলো, আমি বুঝতে পারছি না।’

এএম

ওবামার সঙ্গে নির্বাচনী সমাবেশ, তীব্র সমালোচনার মুখে এল-সাইদ

মাদুরো ও স্ত্রীর বিরুদ্ধে নতুন অভিযোগ আনছে যুক্তরাষ্ট্র

পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন বিলুপ্ত ঘোষণা

ইয়েমেনে বাস্তুচ্যুতদের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে

কাতার উপকূলে ট্যাংকারে হামলা, বেশ কয়েকজন হতাহত

গাজায় সংঘটিত গণহত্যা ও যুদ্ধাপরাধে যুক্তরাষ্ট্রও সম্পৃক্ত

তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন, ট্রাম্পকে কটাক্ষ ইরানি কমান্ডারের

কারাগারের বিচ্ছিন্ন সেলে ৪৬ দিন ধরে বন্দি ফিলিস্তিনি সাংবাদিক

সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের

আমার মতো মানুষকে তারা নোবেল দেয় না, ট্রাম্পের আক্ষেপ