ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানো হবে’। তিনি বলেন, ইরান প্রমাণ করে দেবে যে নেতানিয়াহুর ‘বড়ো ভুলগুলো’ ইসরাইলের পতনকে ত্বরান্বিত করেছে।
লেবাননের আল-মানার টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রেজাই বলেন, বৈরুত ও এর দক্ষিণাঞ্চল ইরানের ‘রেড লাইন’। এসব এলাকায় কোনো ধরনের আগ্রাসন হলে তা মেনে নেওয়া হবে না।
তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে নতুন সংঘাত শুরু হলে তা আগের যুদ্ধগুলোর মতো হবে না এবং ইরানের পাল্টা হামলা হবে নজিরবিহীন। যেসব দেশ থেকে মার্কিন বিমান উড্ডয়ন করবে বা ইরানের বিরুদ্ধে মার্কিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে, সেসব দেশকেও শত্রু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
রেজাই আরো বলেন, গাজা ও লেবাননে যুদ্ধ বন্ধ, লেবাননের দখলকৃত ভূখণ্ড থেকে ইসরাইলি বাহিনীর প্রত্যাহার এবং দামেস্কে ইসরাইলি হামলা বন্ধ করাকে ইরান গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখছে। তিনি বলেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতি পরস্পর সংযুক্ত এবং অঞ্চলটির সংকটের সমাধান একসঙ্গেই করতে হবে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগও বর্তমানে স্থগিত রয়েছে। তেহরানের দাবি, মার্কিন সামরিক হামলা ও বৈরী বক্তব্য বন্ধ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনা হবে না।
সূত্র: প্রেস টিভি
আরএ