সৌদি আরবের দুটি বিমানবন্দরে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার জন্য নিজ নাগরিকদের পরামর্শ দিয়েছে কানাডা। চলমান সামরিক তৎপরতার কারণে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর এড়িয়ে চলার কথা বলা হয়েছে।
গত ২২ অক্টোবর হালনাগাদ করা এক ভ্রমণ সতর্কবার্তায় কানাডা সরকার জানায়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সৌদি আরবের বেশ কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে বন্ধ রয়েছে। এতে আরো সতর্ক করে বলা হয়, নতুন করে হামলা হলে সৌদি আরবের আকাশসীমা বন্ধ হয়ে যেতে পারে। এ ছাড়া কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই অল্প সময়ের নোটিশে দেশটির আরো কয়েকটি বিমানবন্দর বন্ধ হয়ে যেতে পারে।
একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল থাকায় সৌদি আরবে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার জন্যও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে কানাডা সরকার।
আরএ