হোম > বিশ্ব

যে গ্রামে শত শত পুরুষকে হত্যা করেছিলেন তাদের স্ত্রীরা

আতিকুর রহমান নগরী

গ্রামের ২৬ জন নারীকে বিচারের মুখোমুখি করা হয়েছিল। ছবি: বিবিসি বাংলা

সময়টা ১৯২৯ সালের ডিসেম্বর, হাঙ্গেরির ছোট শহর সলনোকের একটি স্থানীয় আদালতে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। মামলাটি কাছের নাগিরেভ গ্রামকে কেন্দ্র করে, যেখানে স্বামীদের ইচ্ছাকৃতভাবে বিষ প্রয়োগের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল বেশ কয়েকজন নারীকে।

নিউইয়র্ক টাইমস সে সময় প্রতিবেদন প্রকাশ করেছিল যে পুরুষদের বিষ প্রয়োগের অভিযোগে প্রায় ৫০ জন নারী বিচারের মুখোমুখি হচ্ছেন।

সংবাদপত্রটি উল্লেখ করে, ১৯১১ থেকে ১৯২৯ সালের মধ্যে, বুদাপেস্ট থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কৃষকদের একটি বসতি নাগিরেভে ৫০ জনেরও বেশি পুরুষকে আর্সেনিক দিয়ে হত্যা করা হয়েছে।

অভিযুক্ত নারীরা ‘এঞ্জেল মেকার’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন, এই শব্দ এমন ধারণাকে বোঝায় যেখানে নারীরা কাউকে (বিশেষ করে স্বামী অথবা অবাঞ্ছিত শিশুকে) হত্যা করে এবং পরলোকে পাঠায়।

বিচারের সময় একটি নাম বারবারই উঠে আসে, ঝুঝানা ফাজেকাশ – যিনি ছিলেন ওই গ্রামের একজন ধাত্রী।

নাগিরেভের জীবনযাত্রা:

নাগিরেভ ছিল হাঙ্গেরিতে ওয়াইন তৈরির বৃহত্তম অঞ্চল কুনসাগের তিজা নদীর তীরে অবস্থিত একটি ছোট বসতি, যেখানে মূলত কৃষক সম্প্রদায়ের বসবাস ছিল।

এই অঞ্চলে বিয়ে সাধারণত পারিবারিকভাবেই নির্ধারিত হতো। খুব অল্পবয়সী নারীরা অপেক্ষাকৃত বেশি বয়স্ক পুরুষদের সাথে জুটি বাঁধতেন। এই বিয়েগুলোর সঙ্গে সাধারণত জমি, উত্তরাধিকার এবং আইনি বাধ্যবাধকতা সংক্রান্ত চুক্তি জড়িত ছিল, বিবাহবিচ্ছেদ সম্ভব ছিল না।

সেই সময়, গ্রামটি অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অধীনে ছিল।

নাগিরেভে কোনো স্থানীয় ডাক্তার বা পুরোহিত না থাকায়, ঔষধি প্রতিকার এবং রাসায়নিক সম্পর্কে জ্ঞান থাকার কারণে ফাজেকাশ কেবল ধাত্রী হিসেবেই নন, কার্যত একজন চিকিৎসক হিসেবেও কাজ করতেন।

মারিয়া গুনিয়া নামে একজন ২০০৪ সালে এবিষয়ে বিবিসির সাথে কথা বলেছিলেন। তিনি বলেন, ‘তার জ্ঞান মানুষকে তার কাছে আসতে এবং তার ওপর বিশ্বাস রাখতে বাধ্য করেছিল।’

গুনিয়ার বাবা ছিলেন সেখানকার একজন স্থানীয় কর্মকর্তা, যাকে পুলিশ অনুরোধ করেছিল গ্রামে ঘটে যাওয়া একের পর এক রহস্যজনক মৃত্যুর তদন্তে সাহায্য করার জন্য। সে সময় গুনিয়া বেশ ছোট ছিলেন।

ঝুঝানা ফাজেকাশ নামের ওই ধাত্রী গ্রামে রাস্তার পাশেই একটি সাধারণ একতলা বাড়িতে থাকতেন।

গুনিয়া ব্যাখ্যা করেন, গ্রামের নারীরা প্রায়শই তাদের সমস্যা নিয়ে ফাজেকাশের কাছে যেতেন।

তিনি বলেন, ‘ঘরের ভেতরে ঘটে যাওয়া অনেক কিছু শুনেছিলেন তিনি। পুরুষরা নারীদের মারধর করছে, ধর্ষণ করছে, তাদের অনেকেই অবিশ্বস্ত, অনেক নির্যাতন।’

তিনি বলেন, যখন নারীরা তাদের মাতাল বা হিংস্র স্বামীদের সম্পর্কে অভিযোগ করতেন, তখন ফাজেকাশ তাদের বলতেন, ‘যদি তাদের সাথে থাকতে সমস্যা হয়, তাহলে আমার কাছে একটি সহজ সমাধান আছে।’

সেই সমাধানটি ছিল আর্সেনিক, যা ওই ধাত্রী ঘরোয়াভাবেই তৈরি করেছিলেন।

পরবর্তীতে, যুক্তরাজ্যের সংবাদপত্র, দ্য টাইমসের একটি প্রতিবেদনের তথ্য অনুসারে, তার বাগানে পুঁতে রাখা বিষের শিশি পাওয়া যায়।

গ্রেফতার

বছরের পর বছর ধরে, গ্রামের কবরস্থান ভরে যেতে থাকে।

নাগিরেভের কবরস্থানে ১৯১১ থেকে ১৯২৯ সালের মধ্যে প্রায় ৫০ জন পুরুষকে সমাহিত করা হয়েছিল।

অবশেষে, কর্তৃপক্ষ সন্দেহ করতে শুরু করে এবং মৃতদেহ উত্তোলনের উদ্যোগ নেয়।

পরীক্ষা করা ৫০টি মৃতদেহের মধ্যে ৪৬টিতেই আর্সেনিক ছিল, যা বিষক্রিয়ার সন্দেহকে নিশ্চিত করে।

আর সন্দেহের আঙ্গুল ফাজেকাশের দিকেই নির্দেশ করছিল।

পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য তার বাড়ির দিকে যায়।

গুনিয়া স্মৃতিচারণ করে বলেন, ‘পুলিশকে কাছে আসতে দেখে তিনি বুঝতে পারেন যে তার জন্য সবকিছু শেষ। যখন পুলিশ তার বাড়িতে পৌঁছায়, ততক্ষণে তিনি মারা গেছেন – কারণ নিজের কাছে রাখা কিছু বিষ তিনি ইতোমধ্যেই পান করে ফেলেছিলেন।’

সূত্র: বিবিসি বাংলা

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন