মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। সৌদি আরবে হুথিদের আরো হামলার পর যুক্তরাষ্ট্র দেশটিতে তাদের কয়েকটি স্থাপনা থেকে কিছু কূটনৈতিক কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৪ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২ শতাংশ বা ১ ডলার ২৯ সেন্ট বেড়ে ১১০ ডলার ১১ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ শতাংশ বা ৯৭ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ ডলার ১২ সেন্টে ওঠে।
এর আগে বুধবারের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম মোটামুটি অপরিবর্তিত ছিল। তবে ডব্লিউটিআইয়ের দাম কমেছিল ৬৭ সেন্ট।
এদিকে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি কূটনৈতিক স্থাপনা থেকে পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
সৌদি আরবে হুথিদের হামলা এবং এর জেরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার উদ্যোগ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। এ উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারেও।
এএম