হোম > বিশ্ব

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

গোপন ভোট ও ভেটো

আলজাজিরা

ছবি: সংগৃহীত

গোপন ভোট, রঙিন ব্যালট পেপার, প্রাথমিক ভোটাভুটি এবং পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা। এর সঙ্গে রয়েছে বিশ্বের পাঁচ ক্ষমতাধর দেশের ভেটো দেওয়ার ক্ষমতা। এসব প্রক্রিয়ার মধ্য দিয়েই নির্বাচিত হন জাতিসংঘের মহাসচিব। বিশ্বসংস্থাটির সর্বোচ্চ প্রশাসনিক পদে কে বসবেন, তা নির্ধারণে এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে নির্বাচনপ্রক্রিয়া। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। এর আগেই নতুন মহাসচিব নির্বাচনের জন্য দফায় দফায় প্রাথমিক ভোটাভুটি করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

এবার মহাসচিব হওয়ার প্রতিযোগিতায় রয়েছেন আটজন প্রার্থী। তাদের মধ্যে আছেন জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থার (আঙ্কটাড) প্রধান কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লানা নুসেইবেহ।

নিরাপত্তা পরিষদে অন্তত নয়টি ভোট পেতে হবে কোনো প্রার্থীকে। পাশাপাশি পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের কারও ভেটো পাওয়া চলবে না। এরপর নিরাপত্তা পরিষদের সুপারিশ জাতিসংঘের সাধারণ পরিষদে অনুমোদিত হলেই চূড়ান্ত হবে নতুন মহাসচিবের নিয়োগ।

কীভাবে নির্বাচিত হন জাতিসংঘের মহাসচিব, কারা রয়েছেন এবারের প্রতিযোগিতায় এবং এখন পর্যন্ত ভোটাভুটিতে কী পরিস্থিতি তৈরি হয়েছে—এসব বিষয় তুলে ধরেছে আলজাজিরা।

মহাসচিব নির্বাচন করেন কারা

কার্যত জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদই মহাসচিব নির্বাচনের সিদ্ধান্ত নেয়। এই পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স। দেশগুলোর প্রত্যেকেরই রয়েছে ভেটো ক্ষমতা।

এ ছাড়া পরিষদে ১০টি অস্থায়ী সদস্যদেশ রয়েছে। বর্তমানে এসব দেশ হলো বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ডেনমার্ক, গ্রিস, লাটভিয়া, লাইবেরিয়া, পাকিস্তান, পানামা ও সোমালিয়া। অস্থায়ী সদস্যরা দুই বছরের জন্য নির্বাচিত হন। নির্দিষ্ট সময় পরপর সদস্যপদে পরিবর্তন আসে।

জাতিসংঘ সনদের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদ একজন প্রার্থীকে মহাসচিব হিসেবে মনোনীত করে সাধারণ পরিষদে সুপারিশ পাঠায়। এরপর সাধারণ পরিষদের সব সদস্যদেশের ভোটে সেই সুপারিশ অনুমোদিত হয়।

এ পর্যন্ত নিরাপত্তা পরিষদের সুপারিশ করা কোনো প্রার্থীকে সাধারণ পরিষদ প্রত্যাখ্যান করেনি। অর্থাৎ তাত্ত্বিকভাবে সব সদস্যদেশের মতামত দেওয়ার সুযোগ থাকলেও বাস্তবে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের বাইরে যায়নি সাধারণ পরিষদ।

এ কারণে মহাসচিব নির্বাচনে পাঁচ স্থায়ী সদস্যের প্রভাব সবচেয়ে বেশি। অস্থায়ী সদস্যদের সমর্থন নিশ্চিত করার পাশাপাশি স্থায়ী সদস্যদের কারো ভেটো না পাওয়াও প্রার্থীর জন্য বাধ্যতামূলক।

তবে ১৯৫০ সালে একবার ব্যতিক্রমী ঘটনা ঘটেছিল। নিরাপত্তা পরিষদে মতবিরোধের কারণে অচলাবস্থা তৈরি হলে সাধারণ পরিষদ পরিষদের সুপারিশ ছাড়াই তৎকালীন মহাসচিবের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

নিরাপত্তা পরিষদ যেভাবে প্রার্থী বাছাই করে

মহাসচিব নির্বাচনের জন্য নিরাপত্তা পরিষদ প্রথমে অনানুষ্ঠানিক ও গোপন ভোটাভুটির আয়োজন করে। এ ভোটাভুটিকে বলা হয় ‘স্ট্র পোল’ বা প্রাথমিক ভোট। এতে সদস্যদেশগুলো প্রতিটি প্রার্থীর বিষয়ে তিন ধরনের মতামত জানায়—সমর্থন, বিরোধিতা অথবা কোনো মতামত নেই।

ভোট গোপন রাখার কথা থাকলেও প্রায়ই কোন প্রার্থী কতটি সমর্থন, বিরোধিতা কিংবা নিরপেক্ষ ভোট পেয়েছেন, সেই তথ্য ফাঁস হয়ে যায়।

পরবর্তী ধাপের ভোটাভুটিতে রঙিন কাগজের ব্যালট ব্যবহার করা হয়। এর মাধ্যমে পাঁচ স্থায়ী সদস্য এবং ১০ অস্থায়ী সদস্যের ভোট আলাদা করে চিহ্নিত করা যায়। ফলে কোন প্রার্থীর প্রতি কোন সদস্যদেশের অবস্থান কী, তা আরো স্পষ্ট হয়।

প্রাথমিক ভোটে কোনো প্রার্থী অন্তত নয়টি সমর্থনসূচক ভোট পেলে এবং পাঁচ স্থায়ী সদস্যের কারো বিরোধিতা বা ভেটো না থাকলে তাকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নের জন্য ভোটাভুটি হয়। এরপর নিরাপত্তা পরিষদ ওই প্রার্থীর নাম সাধারণ পরিষদে পাঠায়। সাধারণ পরিষদে তা অনুমোদিত হওয়ার কথা।

যুক্তরাজ্যের জাতিসংঘ সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা জেন কিননমন্ট বলেন, ঐতিহ্যগতভাবে মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া ছিল ‘বদ্ধ ও গোপনীয়’। তবে নাগরিক সমাজের সংগঠন এবং সদস্যদেশগুলোর প্রচারণার কারণে প্রক্রিয়াটি আগের তুলনায় কিছুটা উন্মুক্ত হয়েছে।

আলজাজিরাকে তিনি বলেন, ‘তবে নিরাপত্তা পরিষদ এখনো তাদের গোপনীয়তা কঠোরভাবে বজায় রাখে। অনেক দেশের কাছে এই রাজনৈতিক সংস্কৃতি পুরোনো ও অচল বলে মনে হয়।’

কিননমন্টের মতে, ভোটের গোপনীয়তা বজায় রাখার পেছনে একটি যুক্তি হলো, কোনো দেশ একজন প্রার্থীকে ভোট দিলেও শেষ পর্যন্ত অন্য কেউ মহাসচিব নির্বাচিত হতে পারেন। সে ক্ষেত্রে নির্বাচিত প্রার্থী তার বিরুদ্ধে ভোট দেওয়া দেশটির প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে পারেন।

আলজাজিরার জাতিসংঘবিষয়ক প্রতিনিধি গ্যাব্রিয়েল এলিজোন্দো বলেন, নির্বাচনপ্রক্রিয়াটি যেভাবে তৈরি করা হয়েছে, গোপনীয়তার বিষয়টি মূলত তারই অংশ।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, এমনকি চলতি বছরেও নিরাপত্তা পরিষদে নির্বাচনপ্রক্রিয়া আরো স্বচ্ছ করার বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু পাঁচ স্থায়ী সদস্য বর্তমান ব্যবস্থাই বজায় রাখতে চায়।

এবারের আট প্রার্থী কারা

প্রাথমিক প্রতিযোগিতায় কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোর পর বর্তমানে আটজন মহাসচিব হওয়ার দৌড়ে রয়েছেন।

প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি এবং কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান। গ্রোসি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান। অন্যদিকে গ্রিনস্প্যান জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের প্রধান।

গ্রিনস্প্যান নির্বাচিত হলে তিনি হবেন জাতিসংঘের প্রথম নারী এবং প্রথম ইহুদি মহাসচিব। ২০২২ সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রপ্তানির উদ্যোগ বা ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। ওই চুক্তির ফলে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে লাখ লাখ টন খাদ্যশস্য রপ্তানি সম্ভব হয়েছিল। এর বড় একটি অংশ গিয়েছিল উন্নয়নশীল দেশগুলোতে।

অন্যদিকে ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন গ্রোসি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে পারমাণবিক উত্তেজনা এড়াতে জাতিসংঘের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার বিভিন্ন প্রতিবেদন ও সমালোচনা নিয়ে বিতর্ক রয়েছে। বিশেষ করে ইরান তার সমালোচনা করেছে। তেহরানের অভিযোগ, গ্রোসির কিছু প্রতিবেদনকে অজুহাত হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালিয়েছে।

অন্য ছয় প্রার্থী হলেন— জাতিসংঘের সাবেক সাধারণ পরিষদ সভাপতি মারিয়া ফার্নান্দা এস্পিনোসা গারসেস (ইকুয়েডর), সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লানা জাকি নুসেইবেহ, তুরস্কের ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার প্রধান ফেরিদুন হাদি সিনিরলিওগলু, গায়ানার জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত ক্যারোলিন রদ্রিগেজ বার্কেট, ইকুয়েডরের রাজনীতিক ইভোনে এ-বাকি, উগান্ডার রাজনীতিক ওলারা ওতুনু।

এখন পর্যন্ত ভোটাভুটিতে এগিয়ে গ্রিনস্প্যান

২০২৬ সালে এ পর্যন্ত আট দফা প্রাথমিক ভোটাভুটি হয়েছে। তবে কোনো প্রার্থীই এখন পর্যন্ত এমন অবস্থানে পৌঁছাতে পারেননি, যার বিরুদ্ধে কোনো সদস্যদেশ বিরোধিতার ভোট দেয়নি।

গুতেরেসের উত্তরসূরি নির্বাচনে স্বচ্ছ, উন্মুক্ত ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার দাবিতে কাজ করছে ‘ওয়ান ফর এইট বিলিয়ন’ নামের একটি প্রচারাভিযান। বিশ্বের বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এই উদ্যোগকে সমর্থন করছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অষ্টম দফার ভোটাভুটিতে এগিয়ে রয়েছেন গ্রিনস্প্যান।

গত সপ্তাহের ভোটে তিনি ১২টি সমর্থনসূচক ভোট, তিনটি বিরোধিতার ভোট পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা গ্রোসি পেয়েছেন ৯টি সমর্থন, ৪টি বিরোধিতা এবং ২টি নিরপেক্ষ ভোট। এরপর রয়েছেন বার্কেট। তার পক্ষে পড়েছে ৮টি সমর্থন, ৫টি বিরোধিতা ও ২টি নিরপেক্ষ ভোট।

তবে পাঁচ স্থায়ী সদস্য কীভাবে ভোট দিয়েছেন কিংবা তাদের কেউ ভেটো প্রয়োগ করেছেন কি না, তা স্পষ্ট নয়। মহাসচিব হিসেবে মনোনয়ন পেতে হলে পাঁচ স্থায়ী সদস্যের কারো কাছ থেকে বিরোধিতার ভোট পাওয়া যাবে না।

জেন কিননমন্টের মতে, নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা প্রয়োগ নিয়ে বিশ্বজুড়ে অসন্তোষ বাড়ছে। তাদের ভেটোর কারণে অনেক সময় নিরাপত্তা পরিষদ কার্যত অচল হয়ে পড়ে।

তিনি বলেন, ‘মহাসচিব নিয়োগের বিষয়টি কোনো একটি সংঘাতের মতো নয়। তবে শেষ পর্যন্ত এই ব্যক্তিরই জাতিসংঘ সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষক এবং বিশ্বের মানুষের মুখপাত্র হওয়ার কথা। কারণ, এই সনদ তাদের নামেই রচিত হয়েছে।’

কিননমন্টের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য এমনকি বিশ্বের অধিকাংশ দেশ কোনো প্রার্থীকে সমর্থন করলেও একটি দেশ কীভাবে তাকে আটকে দেওয়ার ক্ষমতা পেতে পারে?

নির্বাচনপ্রক্রিয়ায় সাধারণ পরিষদের ক্ষমতা বাড়ানোর বিষয়ে আলজাজিরার প্রতিনিধি এলিজোন্দো বলেন, এ ব্যবস্থা সংস্কারের আলোচনা থাকলেও এর জন্য পাঁচ স্থায়ী সদস্যকে নিজেদের কিছু ক্ষমতা ছাড়তে হবে।

তিনি বলেন, ‘তাদের কেউই ক্ষমতা ছাড়তে চায় না। কারণ, জাতিসংঘের সদস্যদেশ ১৯৩টি হলেও পরবর্তী মহাসচিব কে হবেন, তা নির্বাচনের ক্ষেত্রে মূল ক্ষমতা এই পাঁচ স্থায়ী সদস্যের হাতেই।’

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে কী হবে

নির্ধারিত সময়ের মধ্যে নতুন মহাসচিব নির্বাচিত না হলে কী ঘটবে, তা স্পষ্ট নয়। জাতিসংঘ সনদে বর্তমান মহাসচিবের মেয়াদ শেষ হওয়ার আগে উত্তরসূরি নির্বাচিত না হলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে কিছু বলা নেই।

এ পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের সামনে কয়েকটি বিকল্প রয়েছে। তারা চাইলে নতুন মহাসচিবকে স্বল্পমেয়াদি দায়িত্ব দেওয়ার সুপারিশ করতে পারে। আবার সমঝোতার ভিত্তিতে একজন প্রার্থীকে বেছে নিতে পারে। ১৯৯৬ সালে নিরাপত্তা পরিষদে অচলাবস্থা তৈরি হলে কফি আনানকে মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের সমঝোতা হয়েছিল।

নতুন মহাসচিব নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতিসংঘের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা সাময়িকভাবে সংস্থাটির কার্যক্রম পরিচালনার দায়িত্বও পেতে পারেন।

এ বিষয়ে বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসকে প্রশ্ন করা হয়েছিল, নতুন মহাসচিব নির্বাচিত না হলে তিনি দায়িত্বে থাকবেন কি না। আলজাজিরার প্রতিনিধি এলিজোন্দো জানান, গুতেরেস এ বিষয়ে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি।

এলিজোন্দোর ভাষ্য অনুযায়ী, গুতেরেস বলেছেন, আগামী ১ জানুয়ারি তিনি পর্তুগালে নিজের বাড়িতে ফিরে যাওয়ার আশা করছেন এবং সেটিই প্রত্যাশা করছেন। কিন্তু নতুন মহাসচিব নির্বাচিত না হলে কী হবে, তা কেউ জানেন না। কারণ, এমন পরিস্থিতি আগে কখনো তৈরি হয়নি।

জেন কিননমন্টের মতে, নির্বাচনপ্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও গণতান্ত্রিক করার একটি উপায় হতে পারে নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে দুই বা তিনজন প্রার্থীর নাম চূড়ান্ত করা। এরপর সাধারণ পরিষদের সদস্যদেশগুলোর ভোটে তাদের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া যেতে পারে।

এএম

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

জেলেনস্কিকে ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের