সৌদি আরব নেতৃত্বাধীন জোটের সাম্প্রতিক বিবৃতিকে তাদের রাজনৈতিক ও সামরিক দুর্বলতা এবং বিভ্রান্তির প্রমাণ বলে মন্তব্য করেছেন ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন হুথি আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ।
এর আগে, ইয়েমেনে থাকা সৌদি নেতৃত্বাধীন জোট ঘোষণা করে যে, যদি কেউ সৌদি আরব, তাদের নাগরিক, গুরুত্বপূর্ণ স্থাপনা বা ইয়েমেনের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো হামলা বা হুমকির চেষ্টা করে, তাহলে তারা আগের যেকোনো সময়ের চেয়ে আরো কঠোর শক্তি দিয়ে জবাব দেবে।
আল-ফারাহ বলেন, এই বিবৃতি প্রমাণ করে যে জোটের কাছে এখন আর কোনো কার্যকর পন্থা নেই, শুধু হুমকি দেওয়ার ভাষাই বাকি আছে। তার দাবি, ১১ বছর ধরে অবরোধ, যুদ্ধ, হত্যা, অনাহার এবং বিপুল অর্থ ব্যয় করেও জোট তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। তবুও তারা এখনো কথিত ‘বৈধ সরকার’-এর দাবিকে আঁকড়ে ধরে আছে।
আল-ফারাহ আরো বলেন, এই ১১ বছরে হত্যা, অনাহার, অবরোধ, ভাড়াটে বাহিনীর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ এবং আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা হারানো ছাড়া জোটের কোনো সাফল্য নেই। তার অভিযোগ, জোট শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে ‘শান্তি রোডম্যাপ’কে অজুহাত হিসেবে ব্যবহার করে রাজনৈতিক সমাধান বিলম্বিত করছে।
তিনি আরো দাবি করেন, জোটের সাম্প্রতিক বিবৃতি তাদের রাজনৈতিক ও সামরিক দুর্বলতা এবং বিভ্রান্তির প্রমাণ। তার মতে, সানার নেতৃত্ব অবরোধের বিরুদ্ধে নতুন কৌশল তৈরি করতে সক্ষম হওয়ায় জোট চাপে পড়েছে।
সূত্র: আলমায়াদিন
আরএ