জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান। বাছাই প্রক্রিয়ার চতুর্থ দফার অনানুষ্ঠানিক ভোটেও সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন তিনি। মঙ্গলবারের ভোটে গ্রিনস্প্যান ১০টি ইতিবাচক ভোট পেয়েছেন। বিপরীতে তিনটি ভোটে তার ‘বিরোধিতা’ করা হয়েছে এবং দুজন ভোটদাতা কোনো মতামত দেননি।
গোপন প্রক্রিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে সামান্য ব্যবধানে এগিয়ে থাকা গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যারোলিন রড্রিগেস-বিরকেট এবার আটটি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি। তিনি বর্তমানে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএর প্রধান পদে দায়িত্বপালন করছেন। এ ছাড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন সেনেগালের মাকি সাল, ইকুয়েডরের ইভোনে এ-বাকি, ইকুয়েডরের মারিয়া ফের্নান্দা এস্পিনোসা এবং উগান্ডার ওলারাহ ওতুনু।
বর্তমান মহাসচিব পর্তুগালের আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় পাঁচ বছরের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। তার স্থলাভিষিক্ত হতে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ।