মসজিদে নববীর নতুন ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সালেহ বিন আওয়াদ আল-মাগামসি। এক রাজকীয় আদেশে তাকে এ দায়িত্ব দেয় সৌদি আরব।
১৯৬৩ সালে মদিনায় জন্মগ্রহণ করেন শেখ সালেহ আল-মাগামসি। অল্প বয়স থেকেই তিনি ইসলামী শিক্ষায় মনোনিবেশ করেন। পরবর্তীতে কুরআনের তাফসিরে বিশেষজ্ঞতা অর্জন করে তিনি আলেম হিসেবে পরিচিতি পান।
দীর্ঘদিন ধরে তিনি মসজিদে কুবার ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পবিত্র কুরআনের ব্যাখ্যায় তার শান্ত, সাবলীল ও প্রাঞ্জল উপস্থাপনা বিশেষভাবে প্রশংসিত। ধর্মীয়বিষয়কে সমসাময়িক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত করে ব্যাখ্যা দেওয়ার জন্যও তিনি সুপরিচিত।
সৌদি আরবের ভেতরে ও বাইরে তার ব্যাপক পরিচিতি রয়েছে। তিনি অসংখ্য ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপনা করেছেন এবং কুরআন চিন্তন, সীরাতুন্নবী (সা.) ও ইসলামি মূল্যবোধ নিয়ে বক্তৃতা দিয়েছেন।
এছাড়া বিভিন্ন ইসলামি সম্মেলন ও সেমিনারে অংশ নিয়ে তিনি বুদ্ধিবৃত্তিক ও ধর্মীয় বিষয়াবলি নিয়ে বক্তব্য রেখেছেন। এসব বক্তব্যে তিনি সংযম ও ভারসাম্যের ওপর গুরুত্বারোপ করেছেন। জ্ঞানগভীরতা বজায় রেখে সহজ ভাষায় ইসলামি জ্ঞান উপস্থাপনের জন্য তিনি বিশেষভাবে সমাদৃত।
সূত্র: সৌদি গেজেট