যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম প্রথমবারের মতো গ্যালনপ্রতি ৬ ডলার ছাড়িয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত জ্বালানির দামের তথ্য অনুযায়ী, দেশটিতে ডিজেলের জাতীয় গড় দাম এ রেকর্ড গড়েছে।
মূল্যতথ্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান গ্যাসবাডির তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরান যুদ্ধ এবং রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার কারণে জ্বালানি তেলের সরবরাহে সংকট তৈরি হয়েছে। এর প্রভাবেই যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড পর্যায়ে উঠেছে।
ডিজেলের দাম গ্যালনপ্রতি ৬ ডলার ছাড়ানোর ঘটনা গত সপ্তাহের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এর আগে গত সপ্তাহে দেশটিতে ডিজেলের গড় দাম সর্বোচ্চ ৫ দশমিক ৮৫ ডলারে উঠেছিল। এবার সেই রেকর্ডও ভেঙে গেল।
তেলের সরবরাহে সংকটের মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত তীব্র হওয়ার কারণে তেলের বাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে। একই সময়ে রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলাও সরবরাহ পরিস্থিতিকে আরো সংকটপূর্ণ করেছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০৭ দশমিক ৬৩ ডলারে স্থির হয়। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও দিন শেষে ১০২ দশমিক ৪৮ ডলারে দাঁড়ায়। মে মাসের মাঝামাঝির পর এই দুই ধরনের তেলের দাম ছিল সর্বোচ্চ।
এএম