বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে। শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর আশঙ্কায় সোমবার এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে মূল্যবান ধাতুটির দাম।
এখন বিনিয়োগকারীদের নজর ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বক্তব্যের দিকে। তার বক্তব্য থেকে সুদের হার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী অবস্থান সম্পর্কে ধারণা পাওয়ার অপেক্ষায় রয়েছেন বাজারসংশ্লিষ্টরা।
সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্পট গোল্ডের দাম ১ শতাংশ কমে ৩ হাজার ৮৪০ ডলার ৫২ সেন্টে দাঁড়িয়েছে। দিনের লেনদেনে একপর্যায়ে ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন দরে নেমে যায় স্বর্ণ। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য কমেছে ১ দশমিক ১ শতাংশ। এতে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৮৪৩ ডলার ৬০ সেন্ট।
বাজার বিশ্লেষকদের ভাষ্য, ডলারের শক্তিশালী অবস্থান, মার্কিন ট্রেজারি বন্ডের উচ্চ মুনাফা এবং আগামী ডিসেম্বরে ফেডের সুদের হার বাড়তে পারে—এমন প্রত্যাশা স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, ডলারের ঊর্ধ্বমুখী অবস্থান ও বন্ডের উচ্চ মুনাফার কারণে স্বর্ণের বাজার প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েছে। তার মতে, বাজারের বর্তমান গতিপ্রকৃতি নিরপেক্ষ থেকে কিছুটা নিম্নমুখী।
এদিকে মার্কিন ডলারের মূল্য ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি পৌঁছেছে। ডলারের দাম বাড়ায় অন্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনার খরচও বেড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে ধাতুটির চাহিদা কমার আশঙ্কা তৈরি হয়েছে।
স্বর্ণের দরপতনে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনাও প্রভাব ফেলছে। কানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ শ্মিড রোববার বলেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার এখনো অনেক বেশি। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ব্যাংককে আরও পদক্ষেপ নিতে হবে।
সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। কারণ, তখন সুদ পাওয়া যায় এমন আর্থিক সম্পদে বিনিয়োগ করে বেশি আয় করার সুযোগ তৈরি হয়।
অন্যদিকে, শুক্রবার প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ২০২৬ সালে বিশ্ববাজারে রুপার চাহিদা ৫ শতাংশ কমতে পারে। উচ্চমূল্যের কারণে গয়না তৈরিতে রুপার ব্যবহার কমছে। একই সঙ্গে সৌরবিদ্যুৎ খাতেও ধাতুটির চাহিদা হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।
সোমবার অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স রুপার দাম ৩ শতাংশ কমে ৪৭ ডলার ২৬ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৪৭৭ ডলার ৮ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ৯৮২ ডলার ৩৩ সেন্টে নেমেছে।
এদিকে বাংলাদেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৭১৭ টাকা।
দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।
সূত্র: রয়টার্স
এমএমআর