হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্পকে ‘নিষ্ঠুর ও দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে ভোট না দেওয়ার আহ্বান জানালেন বারাক ওবামা

আলজাজিরা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘নিষ্ঠুর ও দুর্নীতিবাজ’ হিসেবে আখ্যা দিয়ে তাকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিশৃঙ্খলা, দুর্নীতি ও অদক্ষতা বেড়েছে বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধকে ‘অপ্রয়োজনীয়’ বলে সমালোচনা করেছেন ওবামা।

শনিবার ওহাইও অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে ওবামা ওহাইওর ভোটারদের রিপাবলিকান প্রশাসনের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘দুই বছর ধরে আমরা এমন বিশৃঙ্খলা, নিষ্ঠুরতা, দুর্নীতি ও অদক্ষতা দেখেছি, আধুনিক যুগে যার নজির নেই। এবার আপনারা বলার সুযোগ পাচ্ছেন, যথেষ্ট হয়েছে, আর নয়।’

ট্রাম্পের পররাষ্ট্রনীতির সমালোচনা করে ওবামা বলেন, বর্তমান প্রেসিডেন্ট একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এমন একটি অপ্রয়োজনীয় যুদ্ধ শুরু করা, যা কেউ চায়নি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।

ওহাইওর নির্বাচনী বিজ্ঞাপন নিয়ে বিতর্ক

ওহাইওর গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীর একটি নির্বাচনী বিজ্ঞাপন নিয়েও সমালোচনা করেন ওবামা। ওই বিজ্ঞাপনে ডেমোক্রেটিক প্রার্থী অ্যামি অ্যাকটনের শৈশব নিয়ে দেওয়া বক্তব্যের বিরোধিতা করেছেন তার মা ডোনা আর্থার। বিজ্ঞাপনে তিনি ভোটারদের অ্যাকটনকে ভোট না দেওয়ার আহ্বান জানান।

রামাস্বামীকে উদ্দেশ করে ওবামা বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে আমরা দেখেছি, তিনি এমন কোনো সীমা নেই, যা অতিক্রম করবেন না। তিনি কতটা নিচে নামতে পারেন, তারও সীমা নেই।’

বিজ্ঞাপনটি প্রসঙ্গে তিনি আরো বলেন, আচরণগত মানদণ্ড এত নিচে নেমে গেছে যে কেউ এমন বিজ্ঞাপন চালাতে পারেন—এটা তিনি বুঝতে পারছেন না।

অ্যাকটন বলেছেন, ১৯৭৮ সালের পর থেকে তিনি তার মায়ের সঙ্গে দেখা করেননি। শৈশবে সৎবাবার হাতে যৌন নির্যাতনের শিকার হওয়ার বিষয়ে অ্যাকটনের বক্তব্যকে সমর্থন করেছেন তার ভাই। ২০০৪ সালে মারা যাওয়া ওই সৎবাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল।

অ্যাকটনের পাশে দাঁড়িয়ে ওবামা বলেন, তিনি নিজের বেদনাদায়ক শৈশবের অভিজ্ঞতার কথা আবেগপূর্ণভাবে তুলে ধরেছেন। তার অভিজ্ঞতার মধ্যে নির্যাতন, অবহেলা ও গৃহহীনতার বিষয়ও রয়েছে।

দুই নির্বাচনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

সমাবেশে ওবামার সঙ্গে মঞ্চে ছিলেন অ্যামি অ্যাকটন এবং ওহাইওর সাবেক ডেমোক্রেটিক সিনেটর শেরড ব্রাউন। আসন্ন নির্বাচনে বর্তমান রিপাবলিকান সিনেটর জন হাস্টেডকে হারিয়ে আবারও সিনেটে ফেরার চেষ্টা করবেন ব্রাউন।

জনমত জরিপে ওহাইওর গভর্নর ও সিনেটর—দুই নির্বাচনেই ডেমোক্র্যাটরা সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। তবে দুই প্রতিদ্বন্দ্বিতাতেই লড়াই ঘনিষ্ঠ হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

এএম

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক আদালত: প্রসিকিউটর

১৫ বছর বয়সে পুরো কুরআন পড়েছেন চেলসি ক্লিনটন, বাবাকেও পড়তে বলেছেন

সূরা আল-হুজুরাতের ১৩ নম্বর আয়াত উল্লেখ করে যা বললেন বিল ক্লিনটন

কেন ইলহান ওমরের নাম নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প

কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে প্রথম ১০০ ঘণ্টায় ট্রাম্পের নীতি বদলাতে চান ডেমোক্র্যাটরা

ইরানে নতুন হামলার ইঙ্গিত মার্কিন রাষ্ট্রদূতের, ট্রাম্পের দাবি কিছুই জানেন না

যুক্তরাষ্ট্র কি আসলেই ধনী দেশ, কার জন্য কতটা সমৃদ্ধ

একটি প্রোগ্রামিং ত্রুটিতে স্থবির হয়ে পড়েছে বহু দেশের গুরুত্বপূর্ণ অনলাইন সেবা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

শিগগিরই কিছু একটা ঘটতে যাচ্ছে, কেন বললেন ট্রাম্প