হোম > বিশ্ব > আমেরিকা

কেন সেনাবাহিনীর শীর্ষ পদ ২০ শতাংশ কমাচ্ছে যুক্তরাষ্ট্র

আল-জাজিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে জেনারেল ও অ্যাডমিরালদের জন্য নির্ধারিত পদ ২০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আগামী ১ জানুয়ারির মধ্যে প্রায় ৮০০টি জেনারেল ও ফ্ল্যাগ অফিসার পদের ক্ষেত্রে এই পরিবর্তন আনা হবে। এর মধ্যে কিছু পদ বাতিল করা হবে, আবার কিছু পদের মর্যাদা নিচের স্তরে নামিয়ে আনা হবে। অর্থাৎ ২০ শতাংশ কমানোর অর্থ সরাসরি ২০ শতাংশ জেনারেল ও অ্যাডমিরালকে বরখাস্ত করা নয়।

বুধবার ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে মার্কিন মেরিন কোর ঘাঁটিতে বক্তব্য দেওয়ার সময় হেগসেথ এই পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, শীর্ষপর্যায়ের পদ কমানো অনেক আগেই প্রয়োজন ছিল।

তার ভাষ্য, সামরিক বাহিনীর সংস্কৃতিতে পরিবর্তন আনতে হলে নেতৃত্বের কাঠামোতেও পরিবর্তন আনতে হবে।

কেন পদ কমানো হচ্ছে

হেগসেথের যুক্তি, মার্কিন সামরিক বাহিনীতে প্রশাসনিক স্তর ও আমলাতান্ত্রিক কাঠামো কমানো দরকার।

তার মতে, কমসংখ্যক শীর্ষ কর্মকর্তা থাকলে মাঠপর্যায়ের কমান্ডারদের হাতে আরো বেশি কর্তৃত্ব দেওয়া সম্ভব হবে এবং সামরিক বাহিনীর মূল মনোযোগ প্রশিক্ষণ, প্রস্তুতি, জবাবদিহি, শৃঙ্খলা ও যুদ্ধ সক্ষমতার ওপর রাখা যাবে।

তবে শীর্ষ সামরিক পদ কমানোর আলোচনা হেগসেথের সময় থেকেই শুরু হয়নি। এর পক্ষে থাকা ব্যক্তিদের যুক্তি হলো, স্নায়ুযুদ্ধের পর মার্কিন সামরিক বাহিনীর আকার কমলেও জেনারেল ও অ্যাডমিরালের সংখ্যা একই হারে কমেনি। ফলে কমান্ড কাঠামোর অপ্রয়োজনীয় স্তর কমানোর সুযোগ রয়েছে।

কিংস কলেজ লন্ডনের রাজনৈতিক বিজ্ঞানী ওয়াল্টার ল্যাডউইগও সামরিক কাঠামো সংস্কারের পক্ষে যুক্তি থাকার কথা বলেছেন। তবে তিনি সতর্ক করেছেন, সব পদ কমানোর ঘটনাকে রাজনৈতিক ক্ষমতার লড়াই হিসেবে দেখা ঠিক হবে না।

রাজনৈতিক আনুগত্যের প্রশ্ন

হেগসেথের ঘোষণাটি এমন সময়ে এসেছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ২৪ জনের বেশি সামরিক নেতাকে বরখাস্ত করা হয়েছে বা অবসরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল র‌্যান্ডি জর্জ এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিও ছিলেন।

এর পাশাপাশি কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার পদোন্নতিও আটকে দেওয়া হয়েছে। এসব সিদ্ধান্তের কারণে সামরিক নেতৃত্বে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে পেশাগত যোগ্যতার পাশাপাশি রাজনৈতিক বিবেচনা কাজ করছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞান ও আন্তর্জাতিক অধ্যয়ন বিভাগের শিক্ষক রবার্ট রালস্টন মনে করেন, সাম্প্রতিক পদচ্যুতি ও পদোন্নতি আটকে দেওয়ার ঘটনাগুলোর সঙ্গে নতুন পদ কমানোর পরিকল্পনাকে একসঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

আল-জাজিরাকে তিনি বলেন, তার দৃষ্টিতে হেগসেথের পদক্ষেপগুলো সামরিক বাহিনীর শীর্ষ পদে রাজনৈতিক আনুগত্যকে বেশি গুরুত্ব দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ হতে পারে।

অন্যদিকে ল্যাডউইগ বলেছেন, বেসামরিক সরকারের অধীনে সামরিক বাহিনী পরিচালিত হলে নির্বাচিত সরকারের প্রতিরক্ষা অগ্রাধিকার নির্ধারণ ও সামরিক কাঠামো পুনর্গঠনের অধিকার থাকে। তবে তার আশঙ্কা, কর্মকর্তারা রাজনৈতিকভাবে সরকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে নিজেদের পেশাগত পরামর্শ প্রকাশে সতর্ক হয়ে যেতে পারেন।

হেগসেথের ‘সংস্কার’ নিয়ে বিতর্ক

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর থেকেই হেগসেথ সামরিক বাহিনীর তথাকথিত ‘ওয়োক’ সংস্কৃতি বদলানোর ওপর জোর দিয়ে আসছেন। তিনি বৈচিত্র্যবিষয়ক কিছু নীতি বাতিল করেছেন এবং শারীরিক সক্ষমতার নতুন মানদণ্ড চালু করেছেন।

তার নেতৃত্ব নিয়ে এর আগেও বিতর্ক হয়েছে। ২০২৫ সালের মার্চে ইয়েমেনে সম্ভাব্য হামলা নিয়ে একটি সিগন্যাল গ্রুপে তথ্য আদান-প্রদানের ঘটনায় ভুল করে দ্য আটলান্টিকের প্রধান সম্পাদকও সেই গ্রুপে যুক্ত হয়ে গিয়েছিলেন। পরে সামরিক বাহিনীর তথ্য ফাঁস ঠেকাতে তদন্ত ও সাংবাদিকদের প্রবেশাধিকারে বিধিনিষেধের বিষয়টি সামনে আসে।

হেগসেথের সমর্থকেরা শীর্ষ পর্যায়ের পদ কমানোকে সামরিক কাঠামো সহজ করা ও জবাবদিহি বাড়ানোর পদক্ষেপ হিসেবে দেখছেন। সমালোচকেরা বলছেন, অভিজ্ঞ শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দিলে সামরিক নেতৃত্বের ধারাবাহিকতা ও কর্মকর্তাদের মনোবলে প্রভাব পড়তে পারে।

নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে মার্কিন সামরিক বাহিনীর জেনারেল ও অ্যাডমিরালদের জন্য নির্ধারিত পদের মোট সংখ্যা ২০ শতাংশ কমে যাবে।

এএম

ইসরাইলের সমালোচনা: মসজিদ সভাপতিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের রায়

ভারতে মুসলিমদের নিশানা করে গাড়ি-জমির ধর্মভিত্তিক তথ্য চাইছে কমিশন: ওয়াইসি

পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তারা ছাঁটাইয়ের ঝুঁকিতে

সিলিকন ভ্যালির যৌন শিকারির তালিকা ফাঁস, মুখ খুললেই চাকরি হারানোর ঝুঁকি

মার্কিন নৌবাহিনীর জন্য ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করবে বোয়িং

তেলের দাম খুব দ্রুতই কমবে: ট্রাম্প

ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

২০০ বছরের ইতিহাসে প্রথম নারী বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে মার্কিন অঙ্গরাজ্য টেনেসি

সবচেয়ে বড় ইস্পাত কারখানা নির্মাণের ঘোষণা ট্রাম্পের

ইরানকে ছাড় দেওয়ার প্রস্তাবের কথা অস্বীকার ট্রাম্পের