হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্পের কটাক্ষের জবাব দিলেন বিজয়ী আবদুল আল-সাইয়েদ

আমার দেশ অনলাইন

নির্বাচনি প্রচারণায় ধর্মীয় পরিচয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান শিবিরের একের পর এক কটাক্ষ ও বর্ণবাদী আক্রমণের মুখে পড়েছিলেন ডেমোক্র্যাট রাজনীতিক ডা. আবদুল আল-সাইয়েদ। তবে মিশিগানের সিনেট নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে এক মোক্ষম জবাব ফিরিয়ে দিয়েছেন দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর।

বুধবার মিশিগানে নিজের বিজয় নিশ্চিত হওয়ার পর উল্লাসরত সমর্থকদের সামনে দেওয়া বক্তব্যে আল-সাইয়েদ ট্রাম্প ও ভ্যান্সকে স্মরণ করিয়ে দেন যে, এখন থেকে তারা তাকে ‘সিনেটর’ বলেই ডাকতে বাধ্য।

প্রচারণার সময় ট্রাম্প আল-সাইয়েদের মুসলিম নাম নিয়ে প্রকাশ্যে উপহাস করেছিলেন এবং দাবি করেছিলেন—প্রেসিডেন্ট হিসেবে তিনি এই চিকিৎসককে যা খুশি তা-ই ডাকার অধিকার রাখেন। এমনকি তাকে ‘জিহাদি’ বলে আখ্যা দিয়েছিলেন ট্রাম্প, আর তার ভাইস প্রেসিডেন্ট রানিংমেট জেডি ভ্যান্স তাকে সম্বোধন করেছিলেন ‘সাইকোপ্যাথ’ বা অপ্রকৃতিস্থ বলে।

ভোটের ফল ঘোষণার পর ট্রাম্পের সেই কটূক্তির সরাসরি জবাব দিয়ে আল-সাইয়েদ বলেন, ‘জেডি, হাবিবি [স্নেহসূচক আরবি শব্দ], এটি নিয়তির চরম পরিহাস—সংবিধান অনুযায়ী আগামী জানুয়ারিতে আমাকে শপথ পাঠ করাতে আপনি বাধ্য।’

এরপর ট্রাম্পকে উদ্দেশ করে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘ডোনাল্ড, আমি জানি আমার নাম উচ্চারণ করতে আপনার বেশ কষ্ট হয়। তাই জেডি যখন আমাকে শপথ পাঠ করাবেন, তখন থেকে আপনি আমাকে ‘সিনেটর’ বলে ডাকতে পারেন। আমরা যেন মিশিগানে আপনার মতো মানুষকে আর কখনো দেখতে না পাই।’

বিজয়ী ভাষণে আবেগাপ্লুত আল-সাইয়েদ অভিবাসী মা-বাবাদের সাহস জুগিয়ে বলেন, ‘যেসব বাবা-মা তাদের সন্তানদের বোঝাতে গিয়ে হিমশিম খেয়েছেন—প্রেসিডেন্ট কেন কারও নাম বা কীভাবে সে প্রার্থনা করে তা নিয়ে জনসমক্ষে উপহাস করেন; আগামীকাল সন্তানদের জানিয়ে দিন যে সেই খারাপ লোকেরাই নির্বাচনে হেরে গেছে।’

ইসলামবিদ্বেষ ও ট্রাম্পের কটাক্ষ উপেক্ষা করে নির্বাচনে ইতিহাস গড়লেন আল-সাইয়েদ

মধ্যবর্তী নির্বাচনের পর কেমন হতে পারে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছে যে ৪ ঘটনা

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পুনর্নির্বাচিত মুসলিম নারী লতিফা সাইমন

কংগ্রেস নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে আফগান বংশোদ্ভূত আয়েশা ওয়াহাব

ইরান যুদ্ধ নিয়ে এবার প্রশ্ন তুলবে কংগ্রেসের ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড গড়লেন যেসব মুসলিম প্রার্থী

বিজয়ের পর প্রথম ভাষণে যা বললেন ইলহান ওমর

নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি মুসলিম নারী আবের কাওয়াস

রিপাবলিকানদের আসন কেড়ে ইলিনয় সিনেটে বিজয়ী নাবিলা সৈয়দ